চলে যেতে যেতে আহাম্মকের ক-অক্ষর। পর্ব ১৩। দুর্লভ সূত্রধর
প্রতিটি ব্যথার রাত্রে, প্রতিটি টালমাটাল দিনে কুহু আর আমার মধ্যে বিমলদার কথা চলে আসত।
বিমলদার প্রতিটি ফোন আমাদের ভেতরটাকে অসম্ভাব্য মুক্তি-সম্ভাবনায় একেবারে উতলা করে দিত।
এমনই এক ব্যথার রাত্রে কুহু বলেছিল— ‘তুমি তো পঞ্চাশ বছর বয়স পেরিয়েছ। এখানে চাকরির ক-বছর হলো?’ তারপর নিজেই হিসেব করে বলল— ‘হুঁ, চাকরির একুশ বছর পেরিয়েছ। ক-বছর চাকরি করলে যেন পেনশন পাওয়া যায়?’
— ‘এখনকার নিয়মে পনেরো বছর চাকরি করলেই পেনশন পাওয়ার কথা।’ বললাম আমি।
আসলে বিমলদার স্বেচ্ছাবসরের পর থেকে গত পাঁচ বছর ধরেই আমি কুহুর কানের কাছে চাকরি ছাড়ার কথা বলে এসেছি।
সঙ্গত কারণেই কুহু ঘাড় পাতেনি।
আজ কুহুর নিজের কথায় চমক লাগল।
আমাদের ছেলে সবে হায়ার সেকেণ্ডারি পরীক্ষা দিয়েছে, মেয়েটা মাধ্যমিক।
কুহু বলল— ‘তোমার পিএফ, পিপিএফ, আমার জমানো টাকা— সব টাকা এক করলে আজকের ইন্টারেস্ট রেটে মাসিক কুড়ি হাজার টাকা করে সুদ পাওয়া যেতে পারে। বাড়িটা তো আমাদের। কোনোরকমে চালিয়ে নেব। তুমি ছোটোবেলা থেকে আমার জন্য খেটে এসেছ। কত অল্পবয়স থেকে রোজগার করবার জন্য হন্যে হয়ে ঘুরে বেরিয়েছ। একটার পর একটা কাজে সামান্য রোজগারের জন্য নাগড়ি খাটান্ খেটে মরেছ। একেবারে একা একা আমাকে বিয়ে করে সংসারের জন্য, ছেলেমেয়ের জন্য বাইরের সব আঘাত সহ্য করেছ! আর নয়— এবার তোমার বিশ্রাম। যা হোক করে চলে যাবে ঠিক।’
কুহু শক্ত ধাতের মেয়ে। ছোটোবেলা থেকেই নিজেদের পরিবারে কুশ্রীতা, স্বার্থপরতা, পুরুষতন্ত্রের দাপট দেখে এসেছে সে।
বিনা চিকিৎসায় কুহুর মা মারা গিয়েছিলেন। কুহুর মাধ্যমিক পরীক্ষার পর পরই। বাবা তো মেয়েদের পড়ার পুরো টাকা দেবেন না! সংসারে মেয়েদের অধিকার তিনি স্বীকার করতেন না। বিনা চিকিৎসায় অকালমৃত স্ত্রীর মৃতদেহ ঘরে রেখে তিনি বারান্দায় আগত প্রতিবেশীদের কাছে তাঁর নদীর ধারের বাগানবাড়ির বাগানের বড়ো বড়ো সবেদার মিষ্টত্বের প্রশংসা করেছিলেন।
কুহু শুধুমাত্র জেদ করে পড়াশোনাটায় লেগেছিল বলে বিবাহিত দিদিদের বাড়িতে দাসীবৃত্তি করেও নিজের পড়াটা চালিয়ে গিয়েছিল। পড়শি দিদির বাড়িতে মাসিক একশো টাকার বিনিময়ে দুপুরে একমুঠো ভাত খাবার জন্য সকাল থেকে খালি পেট নিয়ে আকাশের দিকে তাকিয়ে বেলা বোঝার চেষ্টা করতে হতো তাকে। মেঘলা দিনে বেলা বুঝতে বুঝতে ভাত খেতে চারটে বেজে যেত তার।
একটামাত্র শাড়িতে কুহু কলেজ-বিশ্ববিদ্যালয় পার করেছিল। স্কলারশিপের পয়সায় পরীক্ষার ফিজ।
কুহুদের পরিবারের কথাকে আর-এক রূপোন্ন্যাস বলা যায়!
কুহুর এমএ, বিএড শেষ হবার পর দিদিদের বাড়ি বাড়ি থাকার অজুহাত ফুরিয়ে গিয়েছিল।
এবার বিয়েটা না-করলেই নয়।
খরচের ভয়ে কুহুর বিয়ে দেবার জন্য ওর দাদাদিদিরা কেউ উদ্যোগ নিলেন
সুতরাং একা একাই…
আমার এই আধা সরকারি চাকরিটা পাবার বছরখানেকের মধ্যে পূর্বতন মেসবাড়িতেই আমাদের বিয়ের রেজিস্ট্রেশনের দিন বাজারের সস্তার দোকান থেকে একটা সুতির শাড়ি এনে তবে সেইটা পরে সইসাবুদটুকু সারতে হয়েছিল। পুরোনো পাজামা-পাঞ্জাবিতে চালিয়ে দিয়েছিলাম। সামান্য দু-চারজন বন্ধু, সহকর্মী যাঁরা সেদিন সন্ধেবেলা এসেছিলেন আলুর দম আর লুচিতে তাঁদের আপ্যায়ন করতে হয়েছিল।— সেই প্রহসন তাঁরা ইহজীবনে ভোলেননি।
বিয়ের মাস ছয়েকের মধ্যে নিজের ঝাঁ-চকচকে রেজাল্টের জোরে কুহু একটা চাকরি পেয়েছিল। অত টানাটানি সত্ত্বেও দুজনে চাকরি করার কোনো মানে হয় না বলে সে চাকরি ছেড়েও দিয়েছিল।
তার মাইনের আর স্কলারশিপের জমানো টাকা দিয়ে রেল লাইনের ওপারের কলোনীতে সস্তার একটা জমি কিনে রাখা হয়েছিল— তখনও ছেলেদের জন্ম হয়নি।
পরে অনেক ঘাটের জল ও সংসারের ফাঁদে অনেক ল্যাটাপ্যাটা খেয়ে এই এখনকার জমিটা কেনা হয়েছিল। সেজন্য আগের জমিটা বেচে দিতে হয়।
বাড়ি হয়েছিল জোড়াতাড়া দিয়ে, থেমে থেমে একটু একটু করে।
তারপর তিল তিল করে কুহু আজকের সংসার গড়ে তুলেছে।
সুতরাং কুহু শক্ত ধাতের মেয়ে।
বাপের বাড়ি, নিজের বড়ো হওয়া নিয়ে কুহুর সে-এক স্বতন্ত্র আখ্যান।
আহাম্মকের ‘ক’-অক্ষরে শিক্ষা অসমাপ্তির সে-এক স্বতন্ত্র অধ্যায়ও বটে।
সেদিন মধ্যরাত্রে অবসরের পরিকল্পনা-সংক্রান্ত কুহুর কথায় আস্থা ছিল। আভাস ছিল সুপরিকল্পনার।
পঞ্চাশ পেরিয়েছিলাম বছর তিনেক আগেই। তবু বিমলদা যা করেছিলেন আমাদের পক্ষে তা করা সম্ভব হবে না বুঝতে পেরেছিলাম পরের দিন ওষুধ কিনতে গিয়ে।
প্রতিদিনই ওষুধের দাম বাড়ছিল। পাল্লা দিয়ে বাড়ছিল ডাক্তারবাবুদের ফিজ।
যদি কবি হতাম, কিংবা পারতাম গান গাইতে— যদি বামপন্থার নির্যাসকে ভেতরের থেকে আত্মস্থ করতে পারতাম তাহলে নিবারণ পণ্ডিতের মতো গেয়ে উঠতে পারতাম—
মুখ্্খু গীদাল হামরাগুলা ভাওইয়া গান গাই
হাল বাড়ির কামাই সারি দুতারা ডাঙ্গাই
সুখ দুঃখের কথা যেলায় মনতে পড়িল
চটকা সুরে দুতারা ডাঙ বাজিয়ারে উঠিল॥…
হামি হয়তো মরি যাইম ভাই না বাঁচিম বেশি দিন
ডাক্তারবাবু কইছেন এই রোগ (হৃদরোগ) বড়োই কঠিন
গান কবিতা বন্ধ হইল মোর আসর করা মানা
কেমন করি গান করি ভাই হইল রে ভাবনা॥
মৃত্যু অনুসরণ করেছে, কিন্তু সুরে সুরে তাকে আহ্বান করতে পারিনি। আহাম্মকদের সংসার, সমাজ, প্রতিবেশ, বন্ধু-বান্ধব, সহকর্মী, দাদা, দিদি, ভাই বোন, ছেলে, মেয়ে— কবিতা, গল্প-উপন্যাস, তত্ত্ব বা তথ্য—জ্ঞান বা কর্ম— কেউ রেয়াত করে না!— মৃত্যু পর্যন্ত তাকে সহজ বন্ধুত্বে গ্রহণ করে রেহাই দেয় না।
সুতরাং কুহুর অনুমোদনের স্বস্তি নিয়েও আমাকে চাকরিকালের শেষ পর্যন্ত লেগে থাকতে হয়েছে। এই লেগে থাকার মধ্যে ছিল না বেঁচে থাকার গর্বিত আনন্দ ও অস্তিত্বের সার্থকতার বোধ।
ছেলেরা বড়ো হচ্ছিল— মরণপথে যাওয়ার মুখেও কুহু আর আমার বিরুদ্ধে তাদের রাশি রাশি অভিযোগের স্তূপ জমছিল।
বিমলদার কথা ফলে যাচ্ছিল। যেন রিপিট টেলিকাস্ট।
বাবা-মা-র ডমিনেশনের, মানে আমার আর কুহুর স্বেচ্ছাচারিতার অভিযোগ দিয়ে শুরু হয়েছিল। পকেট মানি না দেবার ক্ষোভ থেকে সহপাঠীমহলে কম দামি পোশাক-আশাকের লজ্জা পর্যন্ত!
আধা-সরকারি সংস্থায় কনিষ্ঠ কেরানি হয়েও বাতিকস্বরূপ আমার পড়াশোনা, লেখালেখি করার জায়গাটাই ছেলেমেয়ের পছন্দ— আমার বই-খাতা রাখার তাকগুলো!
আমার অস্তিত্বের অস্বীকৃত নিদর্শনগুলো নিয়ে আমি কোথায় লুকোই! নিজের তৈরি বাড়ির কোন কোণে আশ্রয় পাই।
সেই প্রথমবার বিমূঢ়তায় আক্রান্ত হয়েছিল কুহু।
আমাদের দু-জনের ব্যবহার্য জিনিস কমাবার জন্য কুহুর আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কোনোদিকে কোনো সুবিধা না পেয়ে প্রথমেই আমার হতচ্ছাড়া কবিতার খাতাগুলো বাগানের উইঢিবির মধ্যে নিক্ষেপ করা গেল। তারপর ধরিত্রীর ভার লাঘব করে আমার নিজের হাতে ইলাসস্ট্রেশন করা গল্পের খাতাগুলোর অধিকাংশ। তারপর এতকালের ছাপা লেখার সংরক্ষণ ভেঙে নানান পত্রপত্রিকা ও তার অফ্-প্রিন্টগুলো। তারপর এতকালের ও সাম্প্রতিককালের পাণ্ডুলিপিগুলি প্রায় নির্বিচারে উইমেকায় বিসর্জন দেওয়া চলতে থাকল।
এই চাকরিটা পাবার আগে লোভ হলেও পছন্দসই বই কিনতে পারতাম না। কিন্তু পরের দিকে স্টেশনে নেমে হেঁটে বাড়িতে গিয়েছি আর বই কিনেছি। বইমেলায় গেলে দশটাকার বাদাম দিয়ে বিকেলের খাবার সেরে ছেলেমেয়ের উপযোগী বিশ্বসাহিত্যের বই সংগ্রহ করেছিলাম।
নিজের জন্য কিনেছিলাম নানান বই।
এখন আমার সাধের বইগুলোকে আশপাশের প্রাইমারি ইউনিট লাইব্রেরিগুলোকে দিয়ে দিতে লাগলাম।
বেশ কযেকটি ব়্যাক খালি হয়ে সেখানে ছেলেমেয়ের নিজেদের বইখাতা সংস্থাপন করবার পর আমার স্বার্থপরতা সম্পর্কে ক্ষোভ কিছুটা প্রশমিত হলো।
বিয়ের সময় কুহু পরনের একমাত্র শাড়ি ছাড়া শুধুমাত্র নিজের বইখাতাভর্তি একটা কালো রঙের টিনের ট্রাঙ্ক নিয়ে এসেছিল। ট্রাঙ্কে থাকায় সেগুলো আপাতত বেঁচে গেল।
ছেলেরা জানতো তারা পড়াশোনায় আমাদের সেই জনপদে মোটামুটি ভালো বলে বন্দিত। তারা এ-ও জানত যে, তাদের পড়াশোনার সঙ্গে আমি বা কুহু কোনোরকম আপোষ করব না। ফলে তারা যত বড়ো হয়েছে ততই তাদের কী দাপট! নিত্যনতুন কত ট্যুইস্ট!
হয়তো বিমলদাকে দেখার অভিজ্ঞতা, আমার আর রূপুদার সেই বাগানঘরে কাটানো দুপুরগুলো, নির্মলবাবুর এনে দেওয়া বা বুলু গুহর কাছ থেকে পাওয়া বইগুলোর পাঠ ইত্যাদি আমাকে সাংসারিক সহিংসতায় ব্যক্তিগত দুঃখবোধ, উত্তেজনা কিংবা ব্যর্থতার হাহাকার থেকে বহুলাংশে মুক্তি দিয়েছিল।
স্বেচ্ছাবসরের পরিকল্পনা ভেস্তে গেলেও একদিন আহাম্মকের তিন দশকাধিককালের কর্ম-প্রহসন শেষ হলো। সেদিনটা এতই ঘটনাবিরল ছিল যে সেই বিয়োজিত পরিস্থিতির কথাটাই বলার মতো বলে মনে হতে পারে।
(ক্রমশ)
