আমাজনের পথে। হেনরি ওয়াল্টার বেটস। পর্ব ১০। অনুবাদে সোমরাজ বন্দ্যোপাধ্যায়

গত পর্বের পর

সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনটি ছিল আমাদের বাড়ির ঠিক উল্টোদিকে অবস্থিত লেডি অব নাজারেথের চ্যাপেল। সেখানে যে সেইন্টের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি ছিলেন সমস্ত ধর্মবিশ্বাসী পারায়েন্সের কাছে অত্যন্ত প্রিয়। ভক্তদের কাছে তাঁর বহু অলৌকিক ঘটনার কৃতিত্বও প্রচলিত ছিল। বেদির উপর প্রতিষ্ঠিত তাঁর মূর্তিটি প্রায় চার ফুট উঁচু, মাথায় রুপোর মুকুট এবং গায়ে সোনালি তারায় অলংকৃত নীল রেশমের পোশাক। উপাসনালয়ের ভিতরে ও আশপাশে তাঁর উদ্দেশে নিবেদিত নানা মানত ও উপহার রাখা ছিল, যা তাঁর অলৌকিক ক্ষমতার নিদর্শন বহন করে। সেখানে ছিল পা, হাত, স্তন ইত্যাদির নানা মডেল। এসব অঙ্গ তিনি সারিয়ে তুলেছিলেন বলে ভক্তরা বিশ্বাস করতেন। তবে এসবকিছুর মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক ছিল একটি জাহাজের নৌকা। আমাদের আসার এক-দুই বছর আগে কায়েনের অদূরে এক আকস্মিক ঝড়ে একটি পর্তুগিজ জাহাজ ডুবে গিয়েছিল। নাবিকদের একাংশ এই নৌকায় আশ্রয় নিয়ে বেঁচে যায়, এবং সেই সময় তারা এই সেন্টারে আশ্রয় প্রার্থনা করেছিল। পরে সেই নৌকাটিই তারা এখানে উৎসর্গ করে যায়।

 

লেডি অব নাজারেথের সম্মানে অনুষ্ঠিত বার্ষিক উৎসবই ছিল পারার সবচেয়ে বড় উৎসব। তিনশো মাইল দূরের প্রতিবেশী শহর মারানহাঁও থেকেও বহু মানুষ এতে যোগ দিতে আসত। একবার প্রেসিডেন্ট পর্যন্ত এই দর্শনার্থীদের সুবিধার জন্য পারায় মেল স্টিমারের যাতায়াত দুদিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। উৎসবটির জনপ্রিয়তার একটি কারণ ছিল সেই সময়কার শহরের অপূর্ব আবহাওয়া। উৎসব অনুষ্ঠিত হয় মনোরম ঋতুর মাঝামাঝি সময়ে, অক্টোবর বা নভেম্বর মাসে পূর্ণিমার আগের দশ দিন। সেই সময় পারা তার শ্রেষ্ঠ রূপে ধরা দেয়। একটানা তিন সপ্তাহ কখনও বৃষ্টি ছাড়া কাটে না। তাই আবহাওয়া খুব বেশি শুষ্কও হয় না। ফলত নির্মল আকাশের নিচে সবুজ গাছপালা ও ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। জোৎস্নার আলোয় রাতগুলিও তখন আরও সুন্দর হয়ে ওঠে। স্বচ্ছ ও নির্মল আবহাওয়া আর সমুদ্র থেকে আসা হালকা বাতাস এক মনোরম শীতলতা এনে দেয়।

 

এবার আমরা কয়েক মাস নিয়মিত কাজ করার জন্য নিজেদের গুছিয়ে নিলাম। আমাদের তিন দিকেই ছিল অরণ্য। তখন বর্ষার শেষ পর্যায়। অধিকাংশ পাখিরই পালক বদলের সময় শেষ হয়ে গেছে। আর সেইসঙ্গে পতঙ্গের সংখ্যা ও বৈচিত্র্য প্রতিদিন যেন বেড়েই চলছিল। রোসিনহার পিছনে কয়েকদিন অনুসন্ধান চালানোর পর আমি অরণ্যের ভিতর দিয়ে চলে যাওয়া একের পর এক পথ খুঁজে পেলাম। সেগুলি গিয়ে মিলেছে উনার রাস্তায়। বিখ্যাত পর্যটক স্পিক্স ও মার্টিয়ুস ১৮১৯ সালে পারায় থাকাকালীন যে বাড়িতে বসবাস করতেন, সেটিও এই পথের মাঝামাঝি অবস্থিত। তখন বাড়িটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল। তার বাগান-আবাদ পুরোপুরি ঝোপঝাড়ে ঢেকে গিয়েছিল। এই অঞ্চলের পথগুলিতে অনেক বিচিত্র পতঙ্গদের খোঁজ পাওয়া যায়। আর সম্পূর্ণ ছায়ায় ঢাকা থাকায় হাঁটাহাঁটির জন্যও এই পথটি ছিল খুব আরামদায়ক। আমাদের বাড়ির দরজার কাছ থেকেই শুরু হয়েছিল অরণ্যের প্রধান সড়ক। পাশাপাশি দুজন অশ্বারোহী চলতে পারার মতো যথেষ্ট প্রশস্ত এই পথটির শাখা তিন দিকে বিস্তৃত ছিল। প্রধান পথটি গিয়েছিল ওরেম গ্রামের দিকে, যার দূরত্ব পঞ্চাশ মাইল। একসময় এই রাস্তা দিয়ে মারানহাঁও পর্যন্ত যাওয়া যেত। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হওয়ায় তখন তা সম্পূর্ণ আগাছা ও ঝোপঝাড়ে ঢেকে গিয়েছিল এবং পারা থেকে ওরেম পর্যন্ত পথটিও চলাচলের পক্ষে প্রায় অযোগ্য হয়ে পড়েছিল।

এই পথগুলি ধরে আমরা নানা দিকে আমাদের অনুসন্ধান চালাতে লাগলাম, এবং প্রতিদিনই বেশ কিছু নতুন ও আকর্ষণীয় প্রজাতির সন্ধান মিলতে লাগল। নমুনা সংগ্রহ করা, সেগুলি প্রস্তুত করা এবং নোট নেওয়া—এই সমস্ত কাজ নিয়েই আমরা ব্যস্ত থাকতাম। প্রতিটা দিন এতটাই একইরকম যে বিষুবরেখার নিচে একজন প্রকৃতিবিদের দিন কীভাবে কাটে তার একটি ধারণা দেওয়ার জন্য দৈনন্দিন ঘটনাপ্রবাহের একটি সাধারণ বিবরণই যথেষ্ট হবে। আর সেইসঙ্গে প্রাকৃতিক ঘটনাগুলির ধারাবাহিকতাও বোঝা যাবে।

ভোর হওয়ার কিছু পরেই আমরা ঘুম থেকে উঠতাম। ইসিদোরো আমাদের এক কাপ কফি দিয়ে টাটকা সবজিপাতি কিনতে শহরের দিকে চলে যেত। প্রাতরাশের আগের দুই ঘণ্টা আমরা পাখি দেখার কাজে ব্যয় করতাম। দিনের সেই প্রথম প্রহরে আকাশ প্রায় সবসময়ই মেঘমুক্ত থাকত। থার্মোমিটারে তাপমাত্রা থাকত ৭২° বা ৭৩° ফারেনহাইট। স্যাঁতসেঁতে পাতার উপর জমে থাকা ভারী শিশির কিংবা আগের রাতের বৃষ্টির জল পূর্বদিক থেকে দ্রুত মধ্যাকাশের দিকে এগিয়ে চলা প্রখর সূর্যের উত্তাপে ক্রমশ মিলিয়ে যেত। সমগ্র প্রকৃতি তখন সতেজ ও নবীন। নতুন পাতা ও ফুলের কুঁড়ির প্রাচুর্যে ভরে থাকত চারপাশ। কোনও কোনও সকালে দেখা যেত, আগের সন্ধ্যায় যে অরণ্যে একটানা সবুজের আধিপত্য ছিল, তার মাঝখানে হঠাৎ একটিমাত্র গাছ ফুলে ভরে উঠেছে। যেন জাদুর স্পর্শে মুহূর্তের মধ্যে সেখানে ফুলের এক বিশাল গম্বুজ সৃষ্টি হয়েছে। পাখিরা তখন সকলেই অত্যন্ত চঞ্চল। অনতিদূরে বুনো ফলের গাছগুলি থেকে আমরা প্রায়ই টুকান (Ramphastos vitellinus)-দের তীক্ষ্ণ চিৎকার শুনতে পেতাম। অধিকাংশ সকালেই ছোট ছোট ঝাঁকে তোতাপাখি অনেক উঁচু দিয়ে উড়ে যেত। নীল আকাশের পটভূমিতে তাদের স্পষ্ট অবয়ব দেখা যেত। তারা সবসময় জোড়ায় জোড়ায় উড়ত এবং পরস্পরের সঙ্গে কিচিরমিচির করে কথা বলত। দুই জোড়ার মধ্যে আবার নিয়মিত ব্যবধান থাকত। তবে এত উঁচুতে থাকার কারণে তাদের উজ্জ্বল রং বোঝা যেত না।

প্রাতরাশের পর সকাল দশটা থেকে দুপুর দুটো বা তিনটে পর্যন্ত আমরা পতঙ্গ নিয়ে গবেষণার কাজে ব্যয় করতাম। অরণ্যে পতঙ্গ সংগ্রহের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল দিনের সর্বোচ্চ উত্তাপের কিছুটা আগে। দুপুর দুটোর দিকে তাপমাত্রা দ্রুত বেড়ে ৯২° বা ৯৩° ফারেনহাইটে পৌঁছোত। তখন পাখি বা স্তন্যপায়ী প্রাণীর সমস্ত ডাক যেন স্তব্ধ হয়ে যেত। কেবল মাঝে মাঝে গাছের মধ্যে থেকে শোনা যেত সিকাডার কর্কশ গুঞ্জন। ভোরের শিশিরে যে পাতাগুলি এত সতেজ ও সজীব ছিল, দিনের এই সময়ে সেগুলি শিথিল হয়ে ঝুলে পড়ত। ফুলগুলি তাদের পাপড়ি ঝরিয়ে দিত। খোলা তালপাতার ছাউনি-দেওয়া কুঁড়েঘরে আমাদের প্রতিবেশী ইন্ডিয়ান ও মিশ্রবর্ণের মানুষজন যারা বাস করতেন, আমরা ক্লান্ত হয়ে ঘরে ফেরার সময় দেখতাম হয় তারা দোলনায় শুয়ে ঘুমোচ্ছেন, নয়তো ছায়ায় মাদুরের উপর বসে আছেন। এমনকি কথা বলার শক্তি বা ইচ্ছাটুকুও যেন তাঁদের নেই। জুন ও জুলাই মাসের অধিকাংশ দিনেই বিকেলের কোনও এক সময় প্রবল বৃষ্টি নামত, আর তার ফলে চারদিকে অত্যন্ত স্বস্তিদায়ক শীতলতা নেমে আসত। এই মেঘের নিয়মিত আনাগোনা ছিল দেখার মতো। প্রথমে সকাল দশটার দিকে যে শীতল বাতাস সমুদ্র থেকে বইতে শুরু করত এবং সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে যার বেগও বাড়তে থাকত, তা ধীরে ধীরে দুর্বল হয়ে অবশেষে একেবারে থেমে যেত। এরপর বায়ুমণ্ডলের উত্তাপ ও বৈদ্যুতিক চাপ প্রায় অসহনীয় হয়ে উঠত। সকলের মধ্যেই, এমনকি অরণ্যের প্রাণীদের মধ্যেও, অবসন্নতা ও অস্থিরতা দেখা দিত, যা তাদের চলাফেরাতেই স্পষ্ট বোঝা যেত।

এমতবস্থায় পূর্ব আকাশে দৃশ্যমান সাদা মেঘ ক্রমে স্তূপাকারে জমা হতে থাকত আর তাদের নিচের অংশ ক্রমশ কালো হয়ে উঠত। হঠাৎ যেন সমগ্র পূর্ব দিগন্ত কালো হয়ে সেই কালো মেঘ উপরের দিকে ছড়িয়ে যেতে যেতে অবশেষে সূর্যকেও আড়াল করে ফেলত। তারপর অরণ্যের ভিতর থেকে বাতাসের ছুটে আসার প্রচণ্ড শব্দ শোনা যেত। তার ঝাপটায় গাছের মাথাগুলি দুলে উঠত। হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানি, তারপর মেঘের প্রচণ্ড গর্জন এবং মুহূর্তেই মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করত। তবে এই ধরনের ঝড় বেশিক্ষণ স্থায়ী হত না। কিছুক্ষণের মধ্যেই তা থেমে যেতে। কিন্তু রাত পর্যন্ত আকাশে নীলচে-কালো, স্থির মেঘ জমে থাকত। এর মধ্যেই সমগ্র প্রকৃতি যেন নতুন করে সজীব হয়ে উঠত; যদিও গাছের নিচে ফুলের পাপড়ি ও ঝরে যাওয়া পাতার স্তূপ জড়ো হয়ে থাকতে দেখা যেত। সন্ধ্যার দিকে প্রকৃতিতে আবার প্রাণের সঞ্চার হত। ঝোপঝাড় ও গাছের ভিতর থেকে শুরু হত চারদিক কাঁপানো কোলাহল। পরদিন সকালে আবার মেঘহীন আকাশে সূর্য উঠত, এবং এভাবেই চক্রটি সম্পূর্ণ হত—যেন একটি মাত্র উষ্ণমণ্ডলীয় দিনের মধ্যেই বসন্ত, গ্রীষ্ম ও শরৎ একসঙ্গে উপস্থিত।

এই দেশে সারা বছরই দিনগুলি মোটামুটি এই রকম। শুষ্ক ও বর্ষাকালের মধ্যে পার্থক্য সামান্যই; তবে সাধারণভাবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শুষ্ক ঋতুতেও মাঝেমধ্যে বৃষ্টি হয়, আর জানুয়ারি থেকে জুনের বর্ষাকালেও রৌদ্রোজ্জ্বল দিন থাকে। এর ফলে উদ্ভিদ ও প্রাণীদের ঋতুভিত্তিক প্রাকৃতিক ঘটনাগুলি নাতিশীতোষ্ণ অঞ্চলের মতো সমস্ত প্রজাতির মধ্যে, এমনকি কোনও একটি নির্দিষ্ট প্রজাতির সমস্ত সদস্যের মধ্যেও একই সময়ে ঘটে না। স্বাভাবিকভাবেই এখানে শীতঘুম নেই; আবার শুষ্ক ঋতু অতিরিক্ত তীব্র নয় বলে কিছু ক্রান্তীয় দেশের মতো গ্রীষ্মকালীন অসাড়তাও চোখে পড়ে না। গাছে গাছে একই সময়ে ফুল ফোটে না বা পাতা ঝরে না; পাখিরাও একই সময়ে পালক বদলায় না, জোড়া বাঁধে না কিংবা প্রজনন করে না।

(ক্রমশ)

Leave a Reply