চলে যেতে যেতে আহাম্মকের ক-অক্ষর। পর্ব ২০। দুর্লভ সূত্রধর
দ্বিতীয় পর্ব
খিদে অথবা দু-থালা ভাতের গল্প
গ্রাহ্যতা ছিল না কিছু। ধারণা ছিল— সবাই আমাকে ভালোবাসে। ক্লাবে, নাটকের দলে, সংগঠনে সহকর্মীরা আমাকে নির্ভরযোগ্য মনে করে। কলম দিলে লিখে দিই, তুলি পেলে এঁকে দিই, মাইক পেলে বলে দিই, প্রচারপত্রের স্টেনসিল কাটার জন্য এই শর্মাই আছে, দেয়ালে দেয়ালে আমারই জয়পতাকা— তার কাছে তুচ্ছ পদালংকরণ! তুচ্ছ সংকীর্ণতা-আক্রান্ত রক্ষণশীলতা। শহরে কত লাইব্রেরি, কত বই, শাসকের বিরুদ্ধে কত অভিযোগ, নিত্যি আন্দোলনের ঢেউ, প্রতিদিন জনপদের এ-প্রান্ত থেকে অপর-প্রান্তে কত প্রতিবাদী আহ্বান।
আঘাত ছিল না তা নয়। আহাম্মকদের ক্ষেত্রে যা হয়— তাদের কাণ্ডজ্ঞানের অভাব তো প্রবাদপ্রতিম।
দু-বেলা দু-থালা ভাত নিয়েই তারা খুশিতে একেবারে খুশ্্কো!
সেই ভাতের থালায় ছাই আর পেটের জ্বালায় পাথুরে কাঠিন্যের মতো অপমানের লাথি পড়লে কী হয়— তা এই প্রথমবার টের পেলাম।
একমাত্র মাসতুতো দাদা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন।
কলকাতায় থাকতেন একা, কাজ করতেন কোনো এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে, আর ছুটি পেলেই আমাদের এই ছোট্ট মফস্বল শহরের বাড়িতে এসে হাজির হতেন। এই দাদাটি ছিলেন কাকার একনিষ্ঠ ভক্তজন। চেলাই বলা যায়। তিনি নিজেই বলতেন— ‘কাকা আমার নিজের মেসো না হলেও উনিই আমার ফ্রেণ্ড, ফিলোসফার অ্যান্ড গাইড।’
কাছাকাছি হাওরের জলে নৌকাবিহার, শহরের মোড়ে মোড়ে বিচিত্র তেলেভাজার সান্ধ্য নিমন্ত্রণ, পীরসাহেবের ঘোড়ার মেলায় যাওয়া— ভারি আনন্দে কাটত এই দাদার সান্নিধ্যে।
তিনি হাত খুলে খরচাও করতেন।
সেজদির বিয়ের মাস তিনেক পর সেজদা পড়া শেষ করে বাড়ি ফিরে এসেছিল।
এই সন্ধিক্ষণেই এক টানা কয়েকদিনের ছুটির সুযোগে মাসতুতো দাদাটির আবির্ভাব ঘটল।
রাত্রে আমার সঙ্গে এক বিছানায় শুয়েছিলেন তিনি, সহসা বললেন— ‘কলেজ তো শেষ হয়েছে ক-অ-বে। এবার কিছু একটা কর। মেসোমশাই তো আর দোকানে যাচ্ছেন না। এখন কাকা আর দাদার ঘাড়ে বসে খাওয়াটা কি ঠিক? একটু তো লজ্জা কর!’
এই কথায় আমার অন্তরাত্মাসুদ্ধু কেঁপে উঠল।
কাকা-দাদার ঘাড়ে বসে খাওয়া! ঠিক লজ্জা নয়, একটা জ্বালা!
সেদিন সকাল হয়েছিল অন্য এক ঘোরের মধ্যে।
সকালের রুটি আলুভাজা না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম।
কোথায় যাই? কী করি?
ভাতের জোগাড় হয় কী প্রকারে?
আনমনে এক কিলোমিটারাধিক পথ অতিক্রম করে যখন হাওরের ধারে এসে পোঁছলাম তখন অনেকটা রোদ উঠে গেছে।
ভূমিরূপ আর বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যের কারণে সাবেক পূর্ববঙ্গে প্রচুর হাওর দেখা যায়। কিন্তু রাঢ়ভূমির শুরুতেই এমন হাওর দর্শনবিরল সন্দেহ নেই। বর্যার পরে অন্তত শীত পড়া পর্যন্ত এখানে অগভীর জল থাকে। কিন্তু হাওরের বিস্তৃতি কয়েক কিলোমিটার জুড়ে। এখান থেকেই পাথুরে ভূমির সূচনা। হয়তো সেই কারণেই এখানেই এত বড়ো একটা গামলার মতো ভুমি তৈরি হয়েছে। হাওরের ওপারে বেশ কয়েকটি বর্ধিষ্ণু গ্রাম। সেই সব গ্রামের মানুষদের এপারে শহরে আসতেই হয়। হাওরের অগভীর জলে জলে লগি ঠেলেই খেয়া পারাপার করা যায়। খেয়া ঘাটটা এমন জায়গায় যেখানে দুই পাড়ের দূরত্ব সবচেয়ে কম। হাওর এড়িয়ে শহরে আসতে গেলে বহু ঘুরুন্তি পথ ঠেঙাতে হয়। সেই কারণে বছরের সাত-আট মাস, যতদিন হাওরে নৌকার লগি ঠেলার মতো জল থাকে ততদিন খেয়াঘাট চালু থাকে, লোকে খেয়াই ব্যবহার করে।
খেয়াঘাটের পাশে একটা হিজল গাছ। হাওরপারে যেমন বড়ো হিজল গাছ দেখা যায় তেমন। ফাল্গুনের শুরুতেই এই গাছ হিজল ফুলে ফুলে অনন্য রূপসী।
ঘাটের ওপর একটা বাঁশের মাচা। খেয়ার যাত্রীরা বসে বিশ্রাম নেয়। প্রায় আনমনেই মাচায় বসলাম। খেয়া নৌকাটা তখন ওপারের ঘাটে যাত্রী তুলছে। আমার পকেটে তো খেয়া পারানির জন্য কানাকড়িও নেই।
ওপারে ঘাটের পাশে বিস্তীর্ণ তরিতরকারির খেত। সেখানে মাথায় গামছা বেঁধে দু-চারজন মানুষ কাজ করছে। ভঙ্গি দেখে মনে হয় জমিতে নিড়ানি দিচ্ছে তারা।
আর একটু দূরে ঝিঙে খেতের মাচা মেরামত করছে দুটো অল্প বয়স্ক ছেলে।
সংকীর্ণ ছোট্ট খেয়া।
খেয়া নৌকাটা এপারে এসে ভিড়ল।
নৌকা থেকে নেমে যাচ্ছে গ্রাম থেকে শহরে আসা বিচিত্র ব্যাপারির দল। তার মধ্যে বিরাট ঝুড়ি নিয়ে পুরোনো খবরের কাগজ আর ভাঙরিওয়ালাও আছে, ওপারের দই সরবরাহকারী ময়রারা আছে, আছে ‘বদলে বিস্কুট’ওয়ালা।
কয়েকজন পরিচ্ছন্ন জামা-ধুতি পরা মানুষও আছে। শহরের নানা জায়গায় তাদের দোকানপাট আছে, মাটির ভাঁড় বিক্রেতা নিধু পালেরও দেখা মিলল নৌকার যাত্রীদের মধ্যে। একজন ছুরি-কাঁচি শাণ করানেওয়ালা তার আধা সাইকেলের মতো যন্ত্র ঘাড়ে করে নৌকো থেকে সাবধানে নেমে গেল।
সকলেই খেয়ার মাঝিকে পয়সা মিটিয়ে হাওর পারের ঢাল বেয়ে সামনের রাস্তায় উঠে যে যার কাজে চলে গেল।
নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল আমার— ‘হায়! আমার কলেজে পড়া বিদ্যে কতই না অকেজো, অপ্রয়োজনীয়। আমি মাটির ভাষা বুঝি না, বীজের সংকেত জানি না। নিড়েনি ধরতেও কোনোদিন শিখিনি। ছুরি-কাঁচি ধার করার মতো সাধারণ যন্ত্র চালাতেও শিখিনি আমি। বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের মতো আমার তো ষোলো আনাই ফাঁকি।
ভাত! দু-বেলা দু-থালা ভাত!
কতক্ষণ যে হিজল ফুলের অনন্য রূপের দিকে না-দেখা চোখে তাকিয়ে ছিলাম কে জানে।
সকালের দ্বিতীয়ভাগ। কতবার খেয়া এপার-ওপার করল। কত মানুষ এল-গেল।
মাথাটা ফাঁকা।
খিদেই আমার সম্বিত ফিরিয়ে আনল।
বইয়ে, গল্পগাছায় কত পড়েছি ক্ষুধার্ত মানুষের সঙ্গে কত ইহলৌকিক সহৃদয়তার ঘটনা ঘটে।
কিন্তু জনবিরল হয়ে আসা হাওরের খেয়াঘাটের মাচায় বসে তেমন কোনো সম্ভাবনা দেখতে পেলাম না।
একবার ভাবলাম সুদির বাড়িতে যাই— দু-তিনটে মাত্র তো স্টেশনের ব্যবধান। কিন্তু গিয়ে কী বলব সুদিদিকে!— ‘আমাকে দুটো ভাত খেতে দে!’
কুঁকড়ে গেল— শিউরে উঠল ভেতরটা।
কিন্তু ঐ যে বোকা হবার জন্য ডাক্তারবাবুর কাছে ওযুধ চাওয়া মাস্টারমশাইয়ের মতো বুদ্ধিমন্ত চুলকানি। সেই চুলকানিই বেশ কয়েক দিনের মতো অনাহারের হাত থেকে বাঁচিয়ে দিল।
প্রথমে ভাবছিলাম যদি কুহুদের বাড়িতে গিয়ে কুহুর কাছ থেকে দু-পাঁচটা টাকা নিয়ে বাসুদেবের ঝাঁপের হোটেলে ডাল-ভাত খেয়ে আসি।
সিদ্ধান্ত নেবার আগে, অনেকক্ষণ মাচায় বসে থাকার পর আমি বাঁ-হাতের কব্জি উল্টে সময় দেখতে গিয়েছিলাম।
হায়ার সেকেণ্ডারি পরীক্ষায় আমাদের স্ট্রিমে ফার্স্ট হয়েছিলাম বলে সে বছরের স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনে হেডমাস্টারমশাইয়ের হাত থেকে এই ঘড়িটা প্রাইজ পেয়েছিলাম।
প্রাইজ। মানে এটা আমার অর্জিত। এই সাড়ে-তিন বছর পরেও ঘড়িটা আমার মতো হাড়গিলের কাছেও ছিল একেবারে ঝাঁ চকচকে— সময় দিত নিখুঁত। কে জানে ঘড়িটাই হয়তো আমার সময়ানুবর্তিতার বাতিকের জন্ম দিয়েছিল।
কিন্তু ঘড়িটার দিকে তাকিয়েই বিদ্যুৎ ঝলকের মতো বাজারের রাস্তার ‘বন্দকী ঘর’ দোকানটার কথা মনে হলো। এই ঘড়িটা বাঁধা দিয়ে কিছু টাকা নিশ্চয়ই পাওয়া যাবে! কিন্তু সেটা কত টাকা হতে পারে, পাকা বাজারু হয়েও সে-সম্পর্কে কোনো ধারণা ছিল না।
বেলা সাড়ে বারোটা বাজে। দোকানটা এখনও খোলা পেলে হয়।
হাওরের পাড়ির ঢাল বেয়ে রাস্তায় উঠে জোরে, তীরগতিতে হাঁটা লাগাতে হলো।
বাজারের গলিতে পা দিয়ে দূর থেকে দেখলাম দোকানটা খোলা আছে।
দোকানের বারান্দায় পা দিয়ে আমার পা ঈষৎ কেঁপে গেল। বন্দক, সুদ, দরাদরি— এসব তো ভালো কথা নয়!
সাদা সাইড পকেটওলা সার্ট আর ক্ষারে কাচা ধুতি পরা মধ্যবয়স্ক দোকানের মালিক ভদ্রলোকের চোখে সেকেলে একটা চাঁদির গোল চশমা।
বেশ ভয়ে ভয়েই হাত থেকে ঘড়িটা খুলে তাঁর দিকে বাড়িয়ে দিয়ে বললাম— ‘এটা বাঁধা দিয়ে কিছু টাকা পাওয়া যাবে?’
তিনি জহুরির চোখে আমার দিকে তাকালেন, হাত বাড়িয়ে ঘড়িটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন— ‘এটা তো খুব ভালো ঘড়ি, পাক্কা সুইস মেড। যদিও আমাদের বন্দকী ব্যবসায় এসব কথা জিজ্ঞেস করার রেওয়াজ নেই, তবু জিজ্ঞেস করছি— এই ঘড়িটা কোথা থেকে পেয়েছ?’
আমি সহসা সাহস ফিরে পেলাম, বললাম— ‘ঘড়িটা স্কুল থেকে প্রাইজ পেয়েছিলাম।’
— ‘স্কুলে বই ছাড়া ঘড়ি প্রাইজ দেয় নাকি?’ ভদ্রলোক বিস্ময় প্রকাশ করলেন।
— ‘আসলে এটা আমার বড়ো হওয়ার নিদর্শন। হায়ার সেকেণ্ডারি পরীক্ষায় স্কুলে হায়েস্ট নম্বর পাওয়ার পুরস্কার। কলেজে যাওয়া মানেই তো বড়ো হয়ে যাওয়া, তখন তো ঘড়ি পরার দরকার ও পারমিশন দুই-ই পাওয়া যায়।’
ভদ্রলোক হাসলেন— ‘বেশ ভালো বলেছ। তোমার টাকার কীসের দরকার যে একেবারে প্রাইজের ঘড়ি বন্দক দিতে চাও, এমন প্রশ্ন করব না। ঘড়িটা দামি— খঁাটি রোলেক্সের চেন লাগানো। তোমার নিশ্চয়ই টাকার দরকার হয়েছে তাই এটা বন্দক দিতে এসেছ। টাকা এমন জিনিস যে তার দরকারের দফার কোনো অন্ত নেই। তোমাকে আমি অল্প টাকাই দেব, কেননা তোমাকে পাঁচ পার্সেন্ট করে সুদ গুণতে হবে। দেয় টাকা শুধু বেড়েই চলবে। না দিতে পারলে জিনিসটাই ফরফিট হয়ে যাবে!’
খেরো খাতায় সব লেখাপড়া করে তিনি ঘড়িটা রেখে আমাকে দিলেন একশো টাকা।
একশো টাকা!
টাকাটা নিয়ে রাস্তায় নেমে এলাম।
দ্রুত হাঁটা লাগালাম বাসুদেবের ঝাঁপের হোটেলের দিকে।
কিন্তু চার পা এগিয়েই দাঁড়াতে হলো।
স্নান হয়নি।
একশো টাকা সম্বল। হোটেলে খেয়ে ওড়ালে এ-টাকা আর কত দিন! কবে যে টাকা রোজগার করতে পারব তারই বা ঠিক কী।
(ক্রমশ)
