কাশীর অলি-গলি : ইতিহাস-সমাজ-সংস্কৃতি। পর্ব ৫৭। শোভন সরকার

গত পর্বে: ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে বেনারস বারবার আওয়াজ তুলেছে। অতঃপর ইতিহাসের পথ এসে মেশে মানুষের ভিড়ে। 

চতুর্থ অধ্যায়

কাশী, তুমি কার?

 

বিএইচইউ-তে ভর্তি হতে গিয়ে এক কাণ্ড হল। 

কাউন্সেলিং ও নথিপত্র যাচাইয়ের দিন ডিপার্টমেন্টে যাব বলে সময় হাতে রেখেই ক্যান্ট স্টেশন থেকে অটোয় চড়েছি; কিন্তু সিগরার কাছে এসে অটোখানি হঠাৎ ভীষণ জ্যামে আটকে পড়ল। কয়েক ইঞ্চি এগোতে তার মিনিট দশ-পনেরো। সকাল এগারোটার মধ্যে রিপোর্ট করার কথা, অথচ রাস্তা তখন অর্ধেকও পেরোয়নি। গুগল ম্যাপের দেওয়া হিসেব বলছে আমি এগারোটার আগে ঢুকতেই পারব না। 

ক্যাম্পাসের মূল প্রবেশদ্বার। চিত্রঋণ: banarasi.zindagi (ইনস্টাগ্রাম)

দম ফেলতে ফেলতে অটো যখন কোনোমতে লঙ্কায় রবিদাস গেটের কাছে পৌঁছালো, স্ট্যান্ডে দাঁড়ানোর আগেই নেমে ভাড়া মিটিয়ে দিলাম দৌড়। দূর থেকে বিএইচইউ এর সুউচ্চ তোরণদ্বার দেখা যাচ্ছে। মন ছটফট করে উঠল, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মতো সময় তখন আমার হাতে ছিল না। ভর্তি হতে পারলে এই প্রবেশদ্বার আবার দেখতে পারব। অতএব, চরৈবেতি। কিন্তু তাতেও তো লাভ নেই, ক্যাম্পাসের মেইন গেট থেকে পায়ে হেঁটে আমাদের ডিপার্টমেন্ট পৌঁছাতে মিনিট পনেরো তো লাগবেই। আরও দেরি হবে। তাই ক্যাম্পাসের ভেতরে ঢুকেই আবার অটো নিলাম। কলা বিভাগের মুখে নামতে হল। হাঁপাতে হাঁপাতে যাকে পারলাম জিজ্ঞেস করলাম ইংরেজি বিভাগের ঠিকানা। পথ চিনে অবশেষে যখন নির্দিষ্ট স্থানে পৌঁছালাম, তখন এগারোটা বেজে পেরিয়ে গেছে। বড় এসি লাগানো ঘরটায় তখন আরও প্রায় সত্তর-আশি খানা অচেনা মুখ। সবাই ভর্তি হতে এসেছে। ওদেরই মাঝে একটা জায়গা খুঁজে নিয়ে বসলাম। হাঁপাচ্ছি তখনও। উল্টোদিকে টেবিলে বসে আছেন দু’জন প্রফেসর। পরে তাঁদের নাম জেনেছিলাম — ডঃ পঞ্চানন দলাই ও ডঃ ধৃতি রায় দলাই। 

আমি ঘরে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেল — যেন আমার জন্যই অপেক্ষা চলছিল, অন্তত আমার তখন তাই মনে হল। কারণ, আমিই সেদিন সবার শেষে পৌঁছেছি। একে একে ছাত্র-ছাত্রীদের নাম ডাকা হলে তারা গিয়ে কাগজপত্র দেখাচ্ছে, জমা করছে। আমি ভাবছিলাম আমার ইংরেজি নামের বানান দেখে আমাকে ‘সোয়্যান’ জাতীয় কিছু একটা নামে ডাকা হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার কানে ভেসে এলো পরিষ্কার ও শুদ্ধ বাংলা উচ্চারণে আমার নাম! ধৃতি ম্যাম আমাকে ডাকছেন। এক মুহূর্তে সকাল থেকে চলতে থাকা উদ্বেগ যেন কোথায় মিলিয়ে গেল, মনে হল আমি কোনো বিদেশ-বিভূঁইয়ে এসে পড়িনি, এ জায়গা আমার বড্ড আপন। নামের সঙ্গে আমাদের অহম্‌-বোধের যে নিবিড় সংযোগ তা অস্বীকার করি কী করে? 

বেনারসে থাকতে গিয়ে নামের সঙ্গে আত্মপরিচয়ের যোগাযোগের মাহাত্ম্য আরও বেশি করে যেন উপলব্ধি করলাম। এই শহরটিরও তো কত নাম — কোনোটিই ফেলনা নয়, বরং প্রতিটি নাম শহরটির আলাদা আলাদা রূপ-রস-গন্ধ স্পষ্ট করে দেয় সহজেই। বেনারসকে চিনতে চাইলে তাই এর নাম-প্রসঙ্গ চলে আসে অবশ্যম্ভাবী রূপে। 

বিভিন্ন নামের মধ্যে বারাণসী, বেনারস ও কাশী — এইগুলি আমরা সবচেয়ে বেশি শুনে থাকি। এই নামগুলো দিয়ে আমরা কেবল একটাই বিশেষ এলাকাকে বুঝি, কিন্তু প্রাচীনকালে এগুলোর অর্থ ছিল ভিন্ন। প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের অন্যতম একটি ছিল কাশী, বারাণসী ছিল তার রাজধানী। আনুমানিক সপ্তম শতাব্দী থেকে এই দু’টি নাম সমার্থক হয়ে দাঁড়ায়। এখন মনে প্রশ্ন আসে, এই শব্দগুলোর মানে ঠিক কী? কী এগুলোর ব্যুৎপত্তি?

বিভিন্ন নামের মধ্যে সম্ভবত কাশী-ই সবচেয়ে পুরোনো। অথর্ববেদে ‘কাশী’ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায়। জেমস প্রিন্সেপ বলেন যে বিখ্যাত ভৌগোলিক ও জ্যোতির্বিদ টলেমির মানচিত্রে কাশী নামের উল্লেখ আছে। ফা-হিয়েন নিজের ভাষায় একে উচ্চারণ করলেন ‘কিয়া-চি’। কাশীখণ্ডে বলা হচ্ছে শব্দটি এসেছে সংস্কৃত ‘কাশতে’ বা ‘কাশ’ থেকে। এর অর্থ উজ্জ্বল বা স্বয়ংপ্রভ। ডায়না ইক এই সূত্রে বলছেন, “এই শহরকে বলা হয় ‘জ্যোতির্ময় শহর, আলোর শহর’, এই শহর মুক্তির পথকে আলোকিত করে, মোক্ষের পথ উন্মোচন করে — ‘মোক্ষপ্রকাশিকা কাশী’।” কেউ কেউ বলেন, এই অঞ্চলে ‘কাশ্য’ নামের এক জনজাতি সর্বপ্রথম এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে বলেই এর নাম কাশী। অন্যমতে, মহাজনপদীয় যুগে ‘কাসিস’ জনজাতি থেকে ‘কাশী’ নামের শুরু। এখানে প্রাচীনকালে কোনো এক সময়ে ‘কাশ’ বা ‘কাশ্য’ নামে এক রাজা ও তাঁর বংশধরদের কারণেও এর এরূপ নাম হতে পারে বলে অনেকের অনুমান। ঐতিহাসিক বাসুদেব শরণ আগরওয়ালের বিশ্বাস যে এই অঞ্চলের জলাভূমি বা নদীতীরের স্যাঁতসেতে মাটিতে প্রচুর পরিমাণে কাশফুল বা কুশ ঘাস জন্মায় বলে এর নাম হয় কাশী। 

এক সময় কাশীরাজ্যের রাজধানী ছিল বারাণসী। কাজেই এই নামটিও যথেষ্ট প্রাচীন। এই শহর বরুণা ও নাশি বা অসি নদীর মাঝে অবস্থিত বলে এই শহরের নাম ‘বারাণসী’ — প্রচলিত এই ব্যাখ্যার অনুরণন পাই পদ্ম ও কূর্ম পুরাণেও। কাশীখণ্ডে বলা হচ্ছে, বারাণসীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে দেবতারা দুই নদীর সৃষ্টি করেন — একটি ‘অসি’ বা তলোয়ার রূপে বিনাশ করে ও অন্যটি ‘বারণ’ বা নিষেধ করে। তবে অনেকে এই মতকে অযৌক্তিক বলে মনে করেন। তাঁদের মতে, আসলে বরুণা নদীর পূর্বনাম ছিল ‘বারাণসী’। শহরটির প্রাচীন ইতিহাস আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এটি আদিতে আরও উত্তরে ‘বারাণসী’ নদীর তীরে রাজঘাটের উচ্চভূমিতে অবস্থিত ছিল। তার থেকেই শহরটির এমন নামকরণ। আর অসি তো প্রকৃতপক্ষে কোনো নদীই নয়। মৎস্য পুরাণে অসিকে বলা হচ্ছে ‘শুকনো নদী’। সুতরাং, অসিকে বারাণসীর দক্ষিণ সীমার মর্যাদা দিতে অনেকে আপত্তি করেন। বরুণা ও অসি নদীর মাঝের অঞ্চলকে ‘বারাণসী’ বলা হয় — এই ধারণার উৎপত্তি অনেক পরে, ততদিনে বারাণসী অনেকটা দক্ষিণের দিকে সরে এসেছে এবং ধর্মক্ষেত্র হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই সময়ে ও তার পরে রচিত পুরাণ গ্রন্থে ও প্রচলিত বিশ্বাসে বারাণসী নামের উৎস হিসেবে বরুণা ও অসি নদীকে সবাই মানতে শুরু করে। কেউ আবার বিশ্বাস করেন যে এই অঞ্চলে ‘বরণা’ বা অশ্বত্থ গাছের বন ছিল বলেই এর এই নাম। 

চীনা ভাষায় ফা-হিয়েনের উচ্চারণে বারাণসী হল ‘ফো-লো-নাই’, হিউয়েন সাংয়ের উচ্চারণে তা দাঁড়ালো ‘পো-লো-নিসে’। বারাণসী নামটি বুদ্ধ জাতকের কাহিনীতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। পালি ভাষার উচ্চারণে এটি বিকৃত হয়ে আসে ‘বনারস’ নাম। আবার কেউ কেউ মনে করেন একাদশ শতাব্দীতে এখানে কিছুকাল রাজত্ব করেন রাজা বনার, এবং তাঁরই নামে এই স্থানের নাম হয় বনারস (Banaras)। 

মুসলিম আমলে এই নামটিই চালু থাকে। ইংরেজ আমলে এসে সামান্য পরিবর্তিত হয়ে এর নাম দাঁড়ায় ‘বেনারস’। ব্রিটিশরা কেন এই নামে ডাকতেন তা নিয়ে অনেকে বেশ ঠাট্টা-তামাশা করেন। তারা নাকি এই শহরে এসে কোনো আনন্দ খুঁজে পায়নি — বিনা রসের এই শহর তাই তাদের কাছে হয়ে ওঠে ‘বেনারস’ (Benares)। ভারতের স্বাধীনতার পর উত্তর প্রদেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণানন্দ তাঁর মন্ত্রিত্বকালে ২৪শে মে, ১৯৫৬ সালে বুদ্ধপূর্ণিমার দিন বেনারসের নাম প্রাতিষ্ঠানিকভাবে বদলে রাখেন ‘বারাণসী’ (Varanasi)। 

কাগজে-কলমে সরকারিভাবে তাই এই শহর আজ ‘বারাণসী’ হলেও অনেকেই আদর করে একে ‘কাশী’ কিংবা ‘বেনারস’ নামে ডেকে থাকে। বেনারসে যাওয়ার জন্য টিকিট কাটতে গিয়ে এই তিন নামের তিনখানা স্টেশন আছে — মণ্ডুয়াডিহিতে ‘বেনারস’, রাজঘাটে ‘কাশী’ এবং ক্যান্টনমেন্টে ‘বারাণসী জংশন’। এছাড়াও জৈতপুরায় আছে আরও একটি স্টেশন ‘বারাণসী সিটি’। অনেকেই বিভ্রান্ত হন। তবে স্টেশন আলাদা হলেও ভালোবেসে যে নামেই শহরটিকে ডাকা হোক না কেন, সে সাড়া দেবেই।  

বেনারসের আরও একটি গুরুত্বপূর্ণ নাম হল ‘অবিমুক্ত’। বিভিন্ন পুরাণে বিভিন্ন প্রেক্ষিতে শিবকে বলতে শুনি, ‘কাশীকে আমি কখনোই ত্যাগ করে যাই না, তাকে যেতেও দিই না। প্রলয়ের সময়েও কাশীপুরীকে আমি আমার ত্রিশূলের মাথায় রেখে রক্ষা করি। তাই এই মহান ক্ষেত্রের নাম অবিমুক্ত।’ ডায়না ইক এই নামের ব্যাখ্যা দিতে গিয়ে এক অদ্ভুত শব্দখেলা লক্ষ করেন — ‘অবিমুক্ত’ শব্দের অর্থ ‘যা মুক্ত হয় না’, অথচ এই অবিমুক্ত ক্ষেত্রে এসে কারও মৃত্যু হলে তাঁর আত্মার মুক্তি নিশ্চিত, মোক্ষলাভ অবশ্যম্ভাবী। এই বিশ্বাসের কারণে অনেকেই মুমূর্ষু অবস্থায় বেনারসে চলে আসেন। জীবনের সমস্ত রঙ থেকে বঞ্চিত হয়ে সাদা-কালো বাকি জীবনটুকু মোক্ষের আশায় কাটিয়ে দিতেও এখানে চলে আসেন অনেক বিধবা। চিরতরে চলে আসা এই সমস্ত মানুষকে আমরা বলি ‘কাশীবাসী’। 

বিএইচইউ-তে ভর্তি হওয়ার কাজ না মেটা পর্যন্ত কাছের কিছু শুভাকাঙ্ক্ষী ছাড়া আর কাউকেই এই খবর দিয়েছিলাম না। সব কাজ মিটিয়ে অবশেষে যেদিন বেনারসে যাওয়ার জন্য ট্রেন ধরব, সেদিন সকালে সামাজিক মাধ্যমে ঘোষণা করলাম ‘কাশীবাসী হলাম।’ তখন এই শব্দবন্ধের প্রকৃত তাৎপর্য বুঝতাম না। আজও সম্পূর্ণ বুঝি না, কিন্তু অনুভব করি বেনারস থেকে দূরে থেকেও চিন্তা-চেতনায় নিরন্তর আমার কাশীবাস। কে জানত একবার যদি কেউ কাশীবাসের মায়ায় বাঁধা পড়ে, তার থেকে মুক্তি নেই — এ স্থান এভাবেও অবিমুক্ত ক্ষেত্র নয় কি? 

(ক্রমশ)

প্রথম অধ্যায় ‘কালভৈরবের সন্ধানে’ প্রথম পর্ব

দ্বিতীয় অধ্যায় ‘ঘাটে ঘাটে’ প্রথম পর্ব

তৃতীয় অধ্যায় ‘ফিরে দেখতে যাওয়া’ প্রথম পর্ব

Disclaimer
The views and opinions expressed in this series are solely those of the author and do not represent the views, policies, or positions of any organisation, institution or society of any kind or the government. The content of this series is written in the author’s personal capacity and does not reflect any official information or stance.

Leave a Reply