আমাজনের পথে। হেনরি ওয়াল্টার বেটস। পর্ব ৩। অনুবাদে সোমরাজ বন্দ্যোপাধ্যায়

গত পর্বের পর

শকুনদের আমরা খালি দূর থেকেই দেখতে পাই। তারা শহরের কসাইখানাগুলোর ওপর অনেক উঁচুতে বৃত্তাকারে চক্কর কাটে। এছাড়াও আশপাশে ছিল নানা প্রজাতির ফ্লাইক্যাচার, ফিঞ্চ ও অ্যান্ট-থ্রাশ- যাদের গঠন ফ্লাইক্যাচার ও থ্রাশের মাঝামাঝি। এদের মধ্যে কেউ কেউ ঘন ঝোপঝাড়ের আড়াল থেকে এমন অদ্ভুত স্বরে ডেকে ওঠে যা নতুন কোনও আগন্তুককে সহজেই চমকে দিতে পারে। এ ছাড়াও ট্যানেজার এবং আরও অনেক ছোট পাখি এই অঞ্চলে বাস করত। তবে এদের কারও গান বিশেষ সুমধুর ছিল না। একমাত্র একটি ছোট বাদামি ‘রেন’ (Troglodytes furvus) ছিল ব্যতিক্রম, যার ডাক ও সুর আমাদের ইংল্যান্ডের রবিন পাখির কথা মনে করিয়ে দেয়। তাকে প্রায়ই বাড়ির দেওয়াল ও ছাদের ওপর, কিংবা আশপাশের গাছের ডালপালায় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতে দেখা যেত। বর্ষাকালে, যখন মঙ্গুবা গাছগুলির পাতা ঝরতে শুরু করে, তখন এই পাখিটির গান আরও বেশি শোনা যেত। সেই সময় এস্ত্রাদা দাস মঙ্গুবেইরাসের রূপ যেকোনও ক্রান্তীয় দেশের সাধারণ পরিবেশের থেকে একেবারেই আলাদা মনে হতো। আমাজন অঞ্চলের হাতেগোনা যে কয়েকটি গাছ নতুন পাতা গজানোর আগেই সব পুরনো পাতা ঝরিয়ে ফেলে, মঙ্গুবা তাদের মধ্যে অন্যতম।

পাতাবিহীন ডালপালা, শুকনো পাতায় ঢাকা স্যাঁতস্যাঁতে মাটি, চারপাশের গাছপালাকে আবৃত করে থাকা ধূসর কুয়াশা, আর সূর্যোদয়ের ঠিক পরের শীতল পরিবেশ—এ সবকিছুই যেন ইংল্যান্ডের শরতের সকালের কথা মনে করিয়ে দেয়। এহেন সময়ে, খানিক অন্যমনস্ক হয়ে দেশের কথা ভাবতে ভাবতে যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতাম, তখন এই ছোট্ট পাখিটির গান মুহূর্তের জন্য এমন এক নিখুঁত বিভ্রম সৃষ্টি করত যে মনে হতো যেন আমি সত্যিই নিজের দেশে ফিরে এসেছি। আমাদের বাগানের ফলগাছ এবং অন্যসব গাছে অসংখ্য ট্যানেজার পাখির আনাগোনা ছিল। এর মধ্যে যে দুটি প্রজাতি বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, তারা হলো র‍্যাম্ফোকোয়েলাস জ্যাকাপা এবং ট্যানাগ্রা এপিসকোপাস। উভয় প্রজাতির স্ত্রীপাখির গায়ের রং খানিক ফিকে। কিন্তু জ্যাকাপা প্রজাতির পুরুষ পাখির পালক ছিল মখমলের মতো অপূর্ব বেগুনি ও কালো রঙের, আর তার ঠোঁটের একটি অংশ ছিল সাদা। অন্যদিকে এপিসকোপাস প্রজাতির পুরুষ পাখি ছিল হালকা নীল বর্ণের, যার ডানায় সাদা ছোপ দেখা যেত। স্বভাবের দিক থেকে এরা উভয়েই ইউরোপের সাধারণ চড়ুই পাখির মতো, যা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় না। তাদের অনুপস্থিতি কিছুটা পূরণ করে এই পরিচিত ট্যানাজাররা। এরাও ঠিক ততটাই প্রাণবন্ত, চঞ্চল, সাহসী এবং সতর্ক। তাদের ডাকেও বেশ মিল আছে। দুটোই অবিরাম কিচিরমিচির, কিন্তু সুরেলা নয়। মনে হয়, তারাও মানুষের সান্নিধ্য একইরকম  পছন্দ করে। তবে, তারা মানুষের বাড়িতে বাসা বাঁধে না।

আরেকটি আকর্ষণীয় পাখি হলো জাপিম। এদের সচরাচর দেখা যায়। এরা ক্যাসিকাস প্রজাতির। আমাদের স্টারলিং, ম্যাগপাই এবং রুক পাখির মতো একই পরিবারের অন্তর্গত। এদের পালক উজ্জ্বল হলুদ ও কালো রঙের, যা অত্যন্ত ঘন ও মখমলের মতো কোমল। এদের মাথার আকৃতি এবং মুখাবয়ব ম্যাগপাইয়ের মতোই; চোখ হালকা ধূসর রঙের, যার কারণে এদের বেশ বুদ্ধিদীপ্ত দেখতে লাগে। স্বভাবের দিক থেকে এরা অত্যন্ত সামাজিক পাখি। ইংল্যান্ডের রুক পাখির মতোই মানুষের বসতির কাছাকাছি গাছে এরা বাসা বাঁধে। তবে এদের বাসার গঠন সম্পূর্ণ আলাদা। এদের বাসা থলির মতো আকৃতির, প্রায় দুই ফুট লম্বা, এবং গাছের চারপাশে সরু ডাল থেকে ঝুলে থাকে। কোনো কোনো বাসা আবার মাটির খুব কাছাকাছি অবস্থান করে। বাসার প্রবেশপথটি থাকে এর নিচের দিকের অংশে। পারা অঞ্চলের ব্রাজিলীয়দের কাছে এই পাখি অত্যন্ত প্রিয়। এরা চঞ্চল, কোলাহলপ্রিয়, সারাক্ষণ এদিক-ওদিক উড়ে বেড়ায়, সঙ্গীদের সঙ্গে অবিরাম কথাবার্তা বলে, এবং আশপাশের অন্যান্য পাখির ডাক নকল করতে এরা বেশ দড়। বিশেষ করে বাড়ির আশেপাশের গৃহপালিত হাঁস-মুরগির ডাক অনুকরণ করতে এরা সিদ্ধহস্ত। এক সময় পারা শহরে ‘দ্য জাপিম’ নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হতো। আমার ধারণা, পাখিটির এই বাচাল স্বভাবের কারণেই সংবাদপত্রটির এমন নামকরণ করা হয়েছিল। এর ডিম প্রায় গোলাকার, নীলচে-সাদা রঙের, এবং তার ওপর ছড়িয়ে থাকে বাদামি রঙের ছোট ছোট ছোপ।

অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর মধ্যে টিকটিকি ছাড়া আর তেমন কিছুই আমাদের চোখে পড়েনি। এদের অদ্ভুত চেহারা, বিপুল সংখ্যায় উপস্থিতি এবং বৈচিত্র্যের কারণে এরা যে উত্তর ইউরোপ থেকে আসা আগন্তুকদের দৃষ্টি আকর্ষণ করবে, সেটাই স্বাভাবিক। তবে, শহরের বাড়িঘরের দেওয়ালে যেসব প্রজাতির টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায়, তারা জঙ্গলে বা ঘরের ভেতরে বাস করা প্রজাতিগুলোর থেকে আলাদা। এদের দেখতে খুব একটা আকর্ষণীয় নয়। আর এদের শরীর এমনভাবে ভাঙাচোরা পাথর ও কাদামাটির দেওয়ালের রঙের সঙ্গে মিশে যায় যে, মনে হয় তারা যেন সেই দেয়ালেরই অংশ। ঘরের ভেতরে যে টিকটিকিদের দেখা যায়, তারা গেকো (Gecko) নামের একটি বিশেষ পরিবারের অন্তর্গত। অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছগাছ করে রাখা ঘরেও এদের উপস্থিতি চোখে পড়ে। সাধারণত দেওয়াল ও ছাদের গায়ে এরা দিনের বেলায় সম্পূর্ণ স্থির হয়ে লেগে থাকে। সক্রিয় হয় কেবল রাতের অন্ধকারে। এদের গা সাধারণত ছোপছোপ ধূসর বা ছাইরঙা। এদের পায়ের গঠন মসৃণ দেওয়াল আঁকড়ে ধরে থাকার এবং অনায়াসে দৌড়ে বেড়ানোর জন্য অত্যন্ত উপযোগী। আঙুলের নিচের অংশ প্রশস্ত হয়ে নরম প্যাডের আকার নেয়; আর তার নিচে চামড়ার ভাঁজ নমনীয় পাতের মতো একের পর এক স্তর তৈরি করে। এই কারণে তারা এমনকি মসৃণ ছাদের নিচের দেওয়ালেও পিঠ মাটির দিকে রেখে অনায়াসে হেঁটে বা দৌড়ে বেড়াতে পারে। তাদের এই পাতযুক্ত পদতল দ্রুত পেশী-সঞ্চালনের মাধ্যমে পর্যায়ক্রমে বাতাস বের করে দেয় এবং আবার টেনে নেয়, যার ফলে তারা দেওয়ালের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকতে পারে। চেহারার দিক থেকে গেকোরা মোটেই আকর্ষণীয় নয়। ব্রাজিলীয়রা এদের ওসগাস (Osgas) বলে ডাকে এবং তাদের দৃঢ় বিশ্বাস যে এরা বিষাক্ত। বাস্তবে অবশ্য তারা খুবই নিরীহ প্রাণী। বাড়ির ভেতরে যে গেকোদের দেখা যায়, তারা আকারে ছোট। তবে জঙ্গলের গাছের কাণ্ডের ফাঁক-ফোকরে আমি অনেক বড় বড় গেকোও দেখেছি। কখনও কখনও লেজ-চেড়া গেকোও চোখে পড়ে। এদের লেজে আঘাত লাগলে তার একপাশে নতুন একটি অপরিণত লেজ গজাতে শুরু করে। সামান্য আঘাতেই এদের লেজ ভেঙে বা খসে পড়ে যেতে পারে। পরে আবার নতুন করে লেজ গজিয়ে উঠলে সেই ক্ষতি কিছুটা পূরণ হয়। টিকটিকিদের লেজ তাদের জন্য খুব একটা প্রয়োজনীয় অঙ্গ বলে মনে হয় না। দুপুরের গরমে আমাদের বাড়ির বারান্দায় বিশ্রাম নেওয়ার সময় আমি শহরতলির সবুজ, বাদামি ও হলুদ ছোপওয়ালা গোসাপের দেখা পেতাম। তারা দ্রুত এগিয়ে এসে পোকামাকড়ের লার্ভার খোঁজে সামনের পা ও মুখ দিয়ে ঘাসের গোড়ার আশপাশ খুঁড়তে শুরু করত। কিন্তু সামান্যতম শব্দ বা বিপদের আভাস পেলেই মুহূর্তের মধ্যে তারা ছুটে পালিয়ে যেত। দৌড়ে পালানোর সময় তাদের লেজটা উপরের দিকে খাড়া হয়ে থাকত, আর শরীর দুলিয়ে দুলিয়ে তাদের সেই অদ্ভুত ছুটে চলা দেখে মনে হতো, লেজটি যেন স্পষ্টতই তাদের পালানোর পথে একটা অতিরিক্তি বোঝা।

পাখি ও টিকটিকির পাশাপাশি, পারার শহরতলির কীটপতঙ্গ নিয়েও এবার আলোচনা করা যাক। আগেই বলেছি, আগাছায় ভরা, খোলা জায়গায় যে প্রজাতিগুলো দেখা যেত, সেগুলো সাধারণত বনের ছায়াঘন পরিবেশে বসবাসকারী প্রজাতির থেকে ভিন্ন। বাগানে প্রচুর সুন্দর ও আকর্ষণীয় প্রজাপতি দেখা যেত। তাদের মধ্যে ছিল দুটি সোয়ালো-টেইল প্রজাতি, যাদের রং ইংল্যান্ডের প্যাপিলিও মাচাওন-এর মতো। এছাড়াও ছিল একটি সাদা পিয়েরিস (P. monuste) এবং আরও দুই-তিন প্রজাতির হলুদ ও কমলা রঙের প্রজাপতি। সেগুলো অবশ্য আমাদের ইংরেজ প্রজাতিগুলোর মতো একই গণের অন্তর্ভুক্ত নয়। আগাছায় ভরা স্থানে ডানায় চোখের মতো নকশাযুক্ত একটি অপূর্ব প্রজাপতি প্রায়শই দেখা যেত, যার নাম জুনোনিয়া লাভিনিয়া। এটি ছিল আমাজন অঞ্চলের একমাত্র প্রজাতি, যার সঙ্গে আমাদের ভ্যানেসা গোত্রের অ্যাডমিরাল ও পিকক প্রজাপতির কিছুটা মিল রয়েছে। একদিন, এই গোত্রের দুটি সবচেয়ে সুন্দর সৃষ্টির সাথে আমাদের প্রথম পরিচয় হল—​​হেলিকোপিস কুপাইডো এবং এন্ডিমিয়ন। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে, আগে যে সরু সবুজ পথগুলোর কথা উল্লেখ করেছি, তার মধ্যে একটি মঙ্গুবা অ্যাভিনিউ থেকে বিচ্ছিন্ন হয়ে লতাগুল্ম ও চমৎকার ফুলে ছেয়ে থাকা বেড়ার ফাঁক দিয়ে একটি স্যাঁতসেঁতে নিচু জায়গার দিকে চলে গেছে। যেখানে মুকাজা পামগাছের ছোট্ট এক বনের এককোণে লুকিয়ে ছিল একটি জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত কুয়ো। গাছের গুঁড়ি, দেয়াল এবং বেড়ার উপর প্রচুর পরিমাণে লতানো পোথোস গাছ জন্মেছিল। যেগুলোর পাতা ছিল বড়, চকচকে এবং তাদের আকার অনেকটা হৃদপিণ্ডের মতো। এই গাছগুলোতেই এই দুটি চমৎকার প্রজাতির সন্ধান পেয়েছিলাম আমরা। এবং সেখান থেকে প্রচুর নমুনা সংগ্রহ করেছিলাম। এদের গঠন অত্যন্ত কোমল। ডানাগুলো ক্রিম রঙের, পেছনের জোড়া ডানায় লেজের মতো কয়েকটি উপাঙ্গ রয়েছে এবং নিচের দিকটা রুপোর মতো ঝিকিমিকি করা। এরা খুব ধীরে এবং দুর্বলভাবে ওড়ে; পাতার সুরক্ষিত নিচের পৃষ্ঠে আশ্রয় নেয় এবং বিশ্রামের সময় পিঠের উপর ডানা গুটিয়ে নেয়, যাতে উজ্জ্বল ছোপযুক্ত নিচের পৃষ্ঠটি দেখতে পাওয়া যায়।

(ক্রমশ)

Leave a Reply