আমাজনের পথে। হেনরি ওয়াল্টার বেটস। পর্ব ২। অনুবাদে সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও উঁচু ও সাধারণ চেহারার গাছগুলোর ডালে ডালে ছেয়ে আছে অদ্ভুত দেখতে পাতার পরজীবী উদ্ভিদের ঝাঁক। সরু, কাঠের মতো শক্ত লতা ডাল থেকে মালার মতো ঝুলে পড়েছে, কোথাও আবার দড়ি বা ফিতার মতো নেমে এসেছে। অন্যদিকে ঘন লতাগুল্ম গাছের গুঁড়ি, ঘরের ছাদ, দেয়াল সবকিছুকেই ঢেকে ফেলেছে; কোথাও আবার বেড়ার ওপর দিয়ে উপচে পড়েছে ঘন পাতার স্রোত। মুসা পারাডিসিয়াকা নামে এক বিশেষ কলাগাছ এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এর সম্পর্কে আমি বরাবরই পড়ে এসেছি যে এটি অন্যতম আকর্ষণীয় ক্রান্তীয় উদ্ভিদ। এর বারো ফুট দীর্ঘ, মখমলের মতো মসৃণ, চকচকে সবুজ পাতা প্রতিটি বাড়ির পেছনের বারান্দার ছাদের ওপর ঝুঁকে রয়েছে। পাতার এই বিচিত্র আকার, বাতাসে দোলার সময় সেগুলির সূক্ষ্ম রঙের পরিবর্তন, এবং আশপাশের অন্যান্য গাছের অপেক্ষাকৃত গাঢ় রঙ ও গোলাকার ছায়ার সঙ্গে এর বৈপরীত্য—এই সব মিলিয়েই এই অসাধারণ গাছের আকর্ষণ যেন আরও বেড়ে যায়। প্রায় প্রতিটি পদক্ষেপেই নতুন নতুন গাছের বিচিত্র রূপ আমাদের বিস্মিত করছিল। তাদের মধ্যে ছিল নানা প্রজাতির ব্রোমেলিয়া বা আনারসজাতীয় উদ্ভিদ। এদের ছিল দীর্ঘ, শক্ত, তরবারির ফলার মতো পাতা। কোনো কোনো প্রজাতির পাতার কিনারা আবার করাতের দাঁতের মতো খাঁজকাটা।
ছিল ব্রেডফ্রুট গাছও। যদিও এটি বাইরে কোথাও থেকে আমদানি করা, তবু তার বড়, চকচকে, গাঢ় সবুজ, খাঁজকাটা পাতা তাকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে। এ ছাড়াও পাতা, কাণ্ড কিংবা বেড়ে ওঠার ভঙ্গির বিচিত্র বৈশিষ্ট্যযুক্ত আরও অসংখ্য গাছপালা রাস্তার ধারের ঝোপঝাড়ে ছড়িয়ে ছিল। নবাগতদের কাছে এই সব কিছুই ছিল বিশেষ আকর্ষণীয়। বিশেষ করে যারা শেষবার হেঁটেছিল এপ্রিল মাসের এক শিলাবৃষ্টিময় সকালে ডার্বিশায়ারের নির্জন, বৃক্ষহীন প্রান্তরে, তাদের কাছে এই নতুন পৃথিবীর প্রতিটি গাছ, প্রতিটি লতা, প্রতিটি পাতা ছিল অপরিসীম বিস্ময়ের উৎস।
আমরা আরও এগিয়ে চলতে লাগলাম। এর কিছুক্ষণের মধ্যে গোধূলি নেমে এলো। চারপাশের গাছপালা থেকে বিচিত্র সব প্রাণীর ডাক ভেসে আসতে লাগল। ঝিঁঝিঁপোকার একটানা গুঞ্জন; নানান প্রজাতির ঝিঁঝিঁপোকা ও ঘাসফড়িংয়ের তীক্ষ্ণ ও বিচিত্র সব ডাক, আর গাছের ওপর থাকা ব্যাঙের বিষণ্ণ ডাকাডাকি—সব মিলিয়ে এমন এক অবিরাম ধ্বনি তৈরি হলো, যার মাধ্যমে প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তির প্রকাশ পায়। রাত বাড়ার সাথে সাথে জলাভূমির নানা প্রজাতির ব্যাঙ ও কোলাব্যাঙও সেই সমবেত সুরে যোগ দিল। তাদের ঘ্যাঙর-ঘ্যাঙর ও ড্রামের মতো গম্ভীর ডাক আমার এযাবৎ শোনা অন্য যেকোনো শব্দের চেয়ে অনেক বেশি জোরালো বলে মনে হচ্ছিল। অন্যান্য সব শব্দের সঙ্গে মিশে তাদের এই সমবেত ডাক এমন এক প্রচণ্ড কোলাহল সৃষ্টি করল যা মানুষকে বধির করে দিতে পারে।
পরে বুঝতে পারি, প্রাণের এই নিরবিচ্ছিন্ন কোলাহলে দিন-রাত কখনোই ছেদ পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে আমিও অন্যান্য বাসিন্দাদের মতো এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। তবু বলতে দ্বিধা নেই, এটি ব্রাজিলের ক্রান্তীয় জলবায়ুর এমন এক বৈশিষ্ট্য যা যেকোনো আগন্তুককে অবাক করে দিতে পারে। ইংল্যান্ডে ফিরে যাওয়ার পর, সেখানকার গ্রামের গ্রীষ্মদিনের প্রায় মৃত্যুসম নিস্তব্ধতা আমার কাছে ঠিক ততটাই অদ্ভুত মনে হয়েছিল, যতটা অবাক করেছিল প্রথম পারায় পৌঁছানোর পর সেখানকার এই নিরবচ্ছিন্ন কোলাহল। আমাদের ভ্রমণের উদ্দেশ্য সার্থক হওয়ায় আমরা শহরে ফিরে এলাম। তখন অসংখ্য জোনাকি অন্ধকার বনভূমির ভেতর, এমনকি জনাকীর্ণ রাস্তাতেও এদিক-সেদিক উড়ে বেড়াচ্ছিল। আমরা হ্যামকে শুয়ে পড়লাম। যা দেখেছি তা নিয়ে মনে যেমন একটা সন্তুষ্টি ছিল, আবার একই সঙ্গে প্রকৃতির যেসব বৈচিত্র্যময় সম্পদ অন্বেষণ করতে আমরা এসেছিলাম, তাই নিয়ে মনে দানা বাঁধছিল গভীর প্রত্যাশা।
প্রথম কয়েকদিন আমরা আমাদের মালপত্র নামাতে এবং বৈজ্ঞানিক সরঞ্জাম গোছাতেই ব্যস্ত রইলাম। এরপর আমরা একটি বাসস্থান ঠিক না হওয়া পর্যন্ত মিঃ মিলারের আমন্ত্রণে শহরতলিতে তাঁর ‘রোসিনহা’ বা গ্রামীণ বাড়িটিতে থাকতে রাজি হলাম। সেখানেই প্রথমবার আমরা নিজেদের মতো করে সংসার গোছানোর চেষ্টা শুরু করি। আমরা হ্যামক কিনলাম। হ্যামক এই দেশে বিছানার বহুল প্রচলিত বিকল্প। আর সেইসঙ্গে রান্নার সরঞ্জাম ও বাসনপত্রও কেনা হল। ইসিদোরো নামের একজন স্বাধীন কৃষ্ণাঙ্গকে আমরা রাঁধুনি ও সর্বক্ষণের ভৃত্য হিসেবে নিযুক্ত করলাম। প্রথমে আমরা হাঁটতে গেলাম পারার একেবারে উপকণ্ঠে। শহরটি গুয়ামা নদীর সাথে পারা নদীর সঙ্গমস্থলে গঠিত ভূখণ্ডের এক কোণে অবস্থিত।
যেমনটা আমি আগেই বলেছি, যে বন পুরো দেশ জুড়ে বিস্তৃত ছিল, তা শহরের রাস্তাঘাটের একেবারে কাছ পর্যন্ত চলে আসে। বস্তুত, শহরটি ছিল একটি পরিষ্কার করা জমির উপর নির্মিত। শুধুমাত্র সরকারের নিরন্তর তত্ত্বাবধানেই এটিকে জঙ্গলমুক্ত রাখা সম্ভব হয়েছিল। এই ভূখণ্ড মূলত নিম্নভূমি হলেও সামান্য ঢেউখেলানো, ফলে শুকনো জমির সাথে জলাভূমি এখানে পালা করে অবস্থান করে এবং এই দুই জায়গার উদ্ভিদ ও প্রাণীজগতের মধ্যেও ব্যাপক পার্থক্য দেখা যায়। আমাদের বাসস্থান ছিল শহরের গুয়ামা নদীর সবচেয়ে কাছের অংশে, শহরতলির বিস্তৃত ও নিচু জলাভূমির একেবারে কিনারায়। সমগ্র অঞ্চলটি সুদৃঢ় ম্যাকাডাম পদ্ধতিতে নির্মিত কয়েকটি প্রশস্ত সড়ক দ্বারা বিভক্ত। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রায় এক মাইল দীর্ঘ এস্ত্রাদা দাস মঙ্গুবেইরাস, অর্থাৎ মঙ্গুবা সড়ক। এটি ছিল অপরূপ সিল্ক-কটন (Bombax munguba এবং Bombax ceiba) গাছে ঢাকা পথ। এই বিশাল গাছগুলির কাণ্ড ভূমি থেকে দ্রুত সরু হয়ে ওপরে ওঠে, আর ফুল ফোটার আগে তাদের কুঁড়িগুলো ডালের গায়ে লাল বলের মতো ঝুলে থাকে।
এই সুন্দর রাস্তাটি নির্মিত হয়েছিল কাউন্ট দোস আর্কোসের শাসনামলে, আনুমানিক ১৮১২ সালে। এর সাথে সমকোণে বেশ কয়েকটি সরু সবুজ পথ চলে গেছে। পুরো এলাকাটির জল নিষ্কাশিত হয় ছোট ছোট খাল বা নালার মাধ্যমে, যার মধ্য দিয়ে জোয়ার-ভাটা বয়ে যায়। এ থেকে স্থানটির নিচু অবস্থান স্পষ্টই বোঝা যায়। আমি দেশ ছাড়ার আগেই, অন্যান্য উদ্যোগী রাষ্ট্রপতিরা শহরের উত্তর-পূর্বে অপেক্ষাকৃত উঁচু ও শুষ্ক জমির উপর মঙ্গুবা সড়কের আদলে নারকেল, বাদাম এবং অন্যান্য গাছে ঘেরা বেশ কয়েকটি রাজপথ তৈরি করেছিলেন। এই উঁচু ভূমিতে গাছপালার রূপ ছিল জলাভূমি অঞ্চলের গাছপালা থেকে সম্পূর্ণ ভিন্ন।
তালগাছ বাদ দিলে শহরতলির এই অংশটি দেখতে অনেকটা আমাদের দেশের কোনো গ্রামীণ সবুজ প্রান্তরের মতো। মাটি বালিতে ভরা, আর খোলা প্রান্তর জুড়ে ছোট ছোট ঘাস ও ঝোপঝাড় ছড়িয়ে রয়েছে। এর পর আবার ভূমি নেমে গেছে এক জলাভূমির দিকে। স্যাঁতসেঁতে নিম্নভূমির তলদেশেই রয়েছে শহরের জনগণের ব্যবহারের জন্য তৈরি কুয়োগুলি। এখানেই কোলাহলমুখর কৃষ্ণাঙ্গ নারীরা শহরের সমস্ত কাপড় ধুয়ে থাকেন। এখান থেকেই জলবাহী গাড়িগুলোতে জল ভরা হয় চাকার ওপর বসানো রঙ করা বড় বড় পিপেতে। তারপর সেগুলি বলদে টেনে নিয়ে যায়। ভোরবেলায়, যখন সূর্যের আলো হালকা কুয়াশার ভেতর দিয়ে ছড়িয়ে দেয় তার আভা এবং চারপাশের সবকিছু শিশিরে ভিজে থাকে, তখন শহরের এই অংশটি প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। উচ্চকণ্ঠ কৃষ্ণাঙ্গ শ্রমিক এবং জলবাহী গাড়ির মালিক গালেগোরা পরস্পরের সঙ্গে ঝগড়ার ভঙ্গিতে তাদের অবিরাম বকবক চালিয়ে যায়। রাস্তার মোড়ের নোংরা মদের দোকানগুলিতে দাঁড়িয়ে তারা দিনের শুরুতেই নিজেদের সকালের মদ্যপানও সেরে নেয়।
এই সুন্দর রাস্তাগুলো ধরে হাঁটতে হাঁটতে প্রথম কয়েকদিন আমরা আগ্রহজনক অনেক কিছুই খুঁজে পেলাম। ব্রাজিলের শহরতলি, উন্মুক্ত রৌদ্রোজ্জ্বল চাষের জমি এবং জনবসতিপূর্ণ অঞ্চলে যে উদ্ভিদ ও প্রাণীকুল বাস করে, তারা অধিকাংশ ক্ষেত্রেই ঘন আদিম অরণ্যের জীবজগতের থেকে আলাদা। তাই, পারার নিকটবর্তী এলাকায় ঘুরে বেড়াতে বেড়াতে সেখানকার প্রাণীজগৎ সম্পর্কে আমরা যা পর্যবেক্ষণ করেছি, এখানে তার একটি বিবরণ আমি দেব। পাখি ও পোকামাকড়ের সংখ্যা এবং সৌন্দর্য দেখে প্রথমদিকে আমরা খানিক হতাশই হয়েছিলাম। আমরা যে পাখিগুলো দেখেছিলাম, তার বেশিরভাগই ছিল ছোট, গায়ের রং ফিকে। তাদের চেহারা এতই সাধারণ ছিল যে সাধারণত তাদের দেখে ইংল্যান্ডের গ্রামাঞ্চলের পাখির মতোই মনে হত। মাঝে মাঝে, ভোরের দিকে এস্ত্রাদার কাছের গাছগুলোতে সবুজ রঙের, কপালে হলুদ ছোপওয়ালা এক ঝাঁক ছোট তোতাপাখি আসত। তারা শান্তভাবে খাবার খেত, কখনও কখনও চাপা স্বরে কিচিরমিচির করত, কিন্তু বিরক্ত হলেই কর্কশ চিৎকার করে উড়ে যেত। এই সময়ে আমরা হামিংবার্ড দেখিনি, যদিও পরে কিছু নির্দিষ্ট গাছে ফুল ফোটার সময় আমি শয়ে শয়ে হামিংবার্ড দেখেছিলাম।
(ক্রমশ)
