কাশীর অলি-গলি : ইতিহাস-সমাজ-সংস্কৃতি। পর্ব ৫৯। শোভন সরকার

গত পর্বে: একই কাশী, কত তার নামের বাহার! রং-রূপ-গন্ধে ভরপুর এই শহর। 

কাশী বিশ্বনাথ মন্দিরে নানা অজুহাতে বেশ কয়েকবার গিয়েছি। বিএইচইউ-তে যখন পড়তাম তখনও কাশী-করিডোর প্রকল্প শুরু হয়নি। দশাশ্বমেধ রোডের জমাটি ভিড় ঠেলে এগিয়ে যেতাম বিশ্বনাথ গলির মুখে। বেনারস পৌরসভার উদ্যোগে বিংশ শতকে ‘কাশী তীর্থ সুধার ট্রাস্ট’ তৈরি হয়। তখন এদেরই উদ্যোগে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য আজকের ‘বিশ্বনাথ গলি’ নির্মাণ করা হয়। কাশীর গলি অনভ্যস্ত ব্যক্তিকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য বিখ্যাত। তাই এখানে এসে আমি পথ চেনার জন্য ভিড়ের উপরেই ভরসা করতাম। গলির কাছেই একদিকে পান-জর্দার দোকান, তো অন্যদিকে কচুরি-মিষ্টির — সবসময় গিজগিজ করে লোক। কাজেই খুঁজে বের করতে অসুবিধা হয় না এখনও। হাতের ডান দিকে দুখহরেশ্বর মহাদেব মন্দির রেখে শঙ্করাচার্যের মূর্তি বসানো ফটক পেরিয়ে গলিতে ঢুকে যেতাম। 

সেখানে ঢুকেও আরও মজা — দু’ পা এগোতে না এগোতেই আমাদের মতো ঘোর বিষয়ী মানুষের চোখ আর মন আটকে যায় হরেক রকম জিনিসের দোকানে। আজও এই গলি আগের মতোই আছে, পাল্টায়নি বিশেষ। 

রিচার্ড ল্যানয় কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার অলি-গলির সুন্দর বর্ণনা দিয়েছেন। বাংলায় অনুবাদ করলে তাঁর বর্ণনা অনেকটা এরকম — ‘বাজারগুলিতে অবর্ণনীয় প্রাণচাঞ্চল্য, চারিপাশটা কোনো মধ্যযুগীয় দৃশ্য যেন। ইতি-উতি সরু গলির গোলকধাঁধায় হাজারো দোকানে সহস্র জিনিসপত্র বিক্রির জন্য থরে থরে সাজানো। এদের উপর ঝুঁকে রয়েছে অসংখ্য উঁচু উঁচু অট্টালিকা আর দালানকোঠা, দেওয়ালে তাদের কত ঝলমলে রঙের চিত্র আঁকা। … সামনে যতই এগোনো যায় ততই যেন গলিগুলো আরও সংকীর্ণ হয়ে পড়ে, ভিড় যায় বেড়ে, বাতাস আরও ভারী হয়ে ওঠে ফুল মালার গন্ধে। তারই সঙ্গে ছোটখাটো কত মন্দির আর পুজোর থান আরও কাছাকাছি গা ঘেঁষাঘেঁষি করে আবির্ভূত হতে থাকে চোখের সামনে, আলো-আঁধারের রহস্যে জমাট বেঁধে সমস্ত পৌরাণিক কথকতা যেন জীবন্ত হয়ে উঠতে থাকে সেই সব মন্দির পরিসরে।’

বিশ্বনাথ গলিতে এমন পরিবেশ যেন আজও একই। সেখানে কীসের দোকান নেই সেটাই ভাবি। শাড়ি-জামাকাপড়ের দোকান তো আছেই, আছে কাঁসার বাসন-কোসনের দোকান, মাটি-পাথর বা ধাতু মূর্তির দোকান, নকল গয়নাগাটি, উপহার সামগ্রী, পুজোর সামগ্রী, খাবারের দোকান — এমন কত কী! বাড়ি গিয়ে ‘কাশী থেকে এনেছি’ বলে প্রিয় মানুষদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য এখান থেকে মানুষেরা কত রকম জিনিসপত্র কিনে নিয়ে যায় দেশ-দেশান্তরে, বিকল্পও প্রচুর। তীর্থযাত্রী বা পর্যটকদের আকর্ষণ করার মতো যা যা থাকা সম্ভব তার সবই এই গলিতে মজুত। বেশ কয়েকবার এখানে কেনাকাটা করতে গিয়ে একটা উপলব্ধি হয়েছে আমার — সঙ্গে যদি অমুক কাকিমা তমুক মেসো থাকত তো হেঁকে দরদাম করতে পারত, তাহলে সঠিক দামে জিনিস নিতে পারতাম। দরদাম করার মতো ঐশ্বরিক ক্ষমতা যাদের থাকে না, আমিও তাদের দলেরই একজন। 

গলি ধরে এগোতে এগোতে ধীরে ধীরে বেড়ে যায় ফুল-জল-বেলপাতার দোকানের সংখ্যা। বিশ্বনাথের পুজোর জন্য যা কিছু চাই তার সবই এখানে পাওয়া যায়। লকারের ব্যবস্থাও রয়েছে, সেখানে লোকজন নিজেদের মোবাইল, ক্যামেরা ইত্যাদি যা যা জিনিস ভেতরে নেওয়া নিষেধ তা যত্ন করে রেখে দিতে পারে। সেবার মা আর বোনকে সঙ্গে নিয়ে যখন মন্দিরে গিয়েছিলাম, আমরাও রেখেছিলাম। তবে একটু গোলমালের ব্যাপার হয়েছিল। সংক্ষেপে বলি ব্যাপারটা। 

ততদিনে কাশী করিডোর চালু হয়ে গিয়েছে। বিশ্বনাথ গলি দিয়ে না গিয়ে আমরা এগোলাম বাঁশফটক রোড ধরে। মন্দির ট্রাস্টের অফিস (‘শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ন্যাস সুবিধা কেন্দ্র’) থেকে সুগম দর্শনের জন্য টিকিট কাটলাম। এই অফিসেই লকারের ব্যবস্থা আছে শুনেছিলাম। ভেবে রেখেছিলাম ওখানেই আমাদের জিনিসপত্র গচ্ছিত রেখে মন্দিরে ঢুকব। কিন্তু ভাগ্য খারাপ, কোনো কারণে সেই সুবিধা সেদিন বন্ধ ছিল। জ্ঞানবাপী রোডে এসে মন্দিরের চার নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। কিন্তু তার আগে সঙ্গের জিনিসপত্রগুলো কোথায় রাখব সেটা ভাবছিলাম আমরা। তখনই কোলাহলের মধ্যে যেন শুনলাম ‘লকার ফ্রি, জুতো রাখা ফ্রি’। 

এই তো আমাদের দোষ — ফ্রি শুনলেই আর যেন মাথার ঠিক থাকে না। আমরাও ‘ফ্রি’ সুবিধার জন্য জিনিসপত্র রেখে লকারের চাবি নিয়ে উল্টোদিকে ঘুরতেই বাধা এলো — ‘ও ভাইয়া!’ 

তাকিয়ে দেখি দোকানদার একখানা বড়সড় পুজোর ডালা বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। 

‘আমাদের বলছেন? আমরা তো চাইনি ডালা,’ আমি অবাক হয়ে বললাম। 

‘লকার নিলে ডালা নিতে হবে।’ সঙ্গে ডালার দামও বলে দিল লোকটা।

‘সে কী! এই যে বললেন, ফ্রি লকার?’ সামান্য অভিমান মিশিয়ে বোন বলে উঠল। 

‘হ্যাঁ, লকারের জন্য পয়সা নিচ্ছি না তো। ভোলানাথের পুজো দেবেন এসব তো লাগবেই।’

চার নম্বর গেটের বাইরে তখন বড় এক পর্দায় কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়ে চলেছে। সেদিকে বারবার চোখ চলে যায়। চোখ যায় আমার মায়ের দিকেও। মা-ও সেই পর্দার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। প্রথমবার বেনারসে এসেছে। সামনে থেকে কাশী বিশ্বনাথ দর্শনের ইচ্ছে অনেক দিনের। হাতে শক্ত করে ধরে রয়েছে কিছু ফুল-বেলপাতা আর মিষ্টির প্যাকেট। মা আসলে উত্তেজনায় আগেই পুজোর কিছু সামগ্রী কিনে নিয়েছিল কোথা থেকে। তাই আমাদের এই দোকান থেকে এত কিছু নেওয়ার দরকারও ছিল না। তাছাড়া ডালার দাম অযৌক্তিকভাবে বেশি। কী একটা বলতে যাব আর তখনই বোনের কণ্ঠ কানে এলো, 

‘দেখুন ভাইয়া, ভোলানাথের মন্দিরের সামনে এরকম জবরদস্তি করতে পারেন না। এক কাজ করুন, কমিয়ে দিন এসব, আপনি এত টাকার ডালা দিন।’ 

‘এত-এর কমে হবে না দিদি। নিলে নিন, নইলে চাবি ফেরত দিয়ে দিন।’ 

ভীষণ অপমানিত বোধ করে আমরা জিনিসপত্র ফেরত নেব কিনা ভাবছি, ঠিক তখনই দেখি মা বড় একটা নোট বাড়িয়ে ধরেছে, ইশারায় আমাদের বেশি ঝামেলা করতে না করছে, বলছে যে সে যা চায় দিয়ে যেন এগোই — বেলা বেড়ে যাচ্ছে, ভিড় বাড়ছে। 

অগত্যা আমাদের ভাই-বোনের জেদ হার মানল। এত ঝামেলার পরে ভেতরে গিয়ে দেখি মন্দির ট্রাস্টের পক্ষ থেকেই বিনি পয়সায় মোবাইল ফোন রাখার জন্য আলাদা লকারের ব্যবস্থা আছে। 

সত্যি কথা বলতে গেলে, মন্দিরের আশেপাশে আগেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। মনে পড়ে, বিশ্বনাথ গলি দিয়ে যাওয়ার সময় পথে কত বার ছোট-বড় নানা দশকর্মা ভাণ্ডার বা ফুল-বেলপাতার দোকান থেকে আমার উদ্দেশে দোকানদারদের বলতে শুনতাম যে ‘ওদিকে রাস্তা নেই,’ ‘এই জায়গার পর জুতোর অনুমতি নেই, এখানেই সব রেখে যেতে হবে’, ‘শর্টকাটে বিশ্বনাথ দর্শন করিয়ে দেব’ ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রথম খুব ঘাবড়ে যেতাম। এখন বুঝি, এটাই দস্তুর, এভাবেই ওদের পেট চলে। 

আবার, এসব ছাড়িয়ে এগিয়ে গেলে মুখোমুখি হতাম নিরাপত্তারক্ষীদের। ছাত্রজীবনে যখন মন্দির দর্শনে যেতাম, পথে আলাদা আলাদা জায়গায় নিরাপত্তাকর্মীরা এতবার দেহতল্লাশি করত যে রীতিমত বিড়ম্বনায় পড়তে হত। একটু এদিক-ওদিক হলে ধমকও খেয়েছি দু’ একবার। এখনও নিরাপত্তার ভীষণ কড়াকড়ি রয়েছে, তবে ব্যবস্থা আগের চেয়ে আধুনিকতর, বিড়ম্বনাও কম। 

বিশ্বনাথ গলিতে কয়েক ধাপে নিরাপত্তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এগোতে এগোতে যেই ঢুণ্ডিরাজ গণেশ মন্দিরের সামনে এসে পড়ি, বুঝি লক্ষ্যে পৌঁছে গেছি। একদিকে বিশ্বনাথ মন্দিরের দরজা অন্যদিকে অন্নপূর্ণা মন্দির। এই ঢুণ্ডিরাজ গণেশ কাশীর শিবগণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশীখণ্ড অনুসারে, ইনিই সেই বিনায়ক বা গণেশ যিনি শিবকে রাজা দিবোদাসের নির্বাসন থেকে উদ্ধার করে পুনরায় কাশীতে ফিরিয়ে আনেন। 

পূর্বদিকে একটু এগোলেই দেখা যেত এক নহবত (নৌবত) খানা। বড়লাট ওয়ারেন হেস্টিংসের আদেশে ১৭৮৫ সালে সেই সময়ের বেনারসের ম্যাজিস্ট্রেট আলী ইব্রাহিম খান এই নহবত খানা নির্মাণ করান। এক সময় এখানে  নিয়মিত সঙ্গীতচর্চা হত। বিসমিল্লা খানও এখানে তাঁর সানাই বাজিয়ে গেছেন। সুদৃশ্য কাশী করিডোর নির্মাণের পর বিশ্বনাথ মন্দিরে গিয়ে অবশ্য আমি এই নহবত খানা আর খুঁজে পাইনি। 

মন্দির চত্বরে প্রবেশের মূল দরজার উপরে আগে গণেশের মূর্তি ছিল। ঢোকার আগে সবাই দেখতাম সেখানে প্রণাম ঠুকে ভেতরে ঢুকছে। কিন্তু মন্দিরে সবার ঢোকার অনুমতি নেই — বিশেষ করে অহিন্দুদের ভেতরে ঢোকার নিষেধাজ্ঞা নিয়ে বলতে গিয়ে রিচার্ড ল্যানয় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। মন্দিরটির পেছনের দিকে মাত্র মিটার খানেক চওড়া এক সরু অন্ধকার গলিতে তিনি চলে যেতেন। সেখানে দেওয়ালের মাঝে গর্ভগৃহের সমরেখায় এক ছোট্ট ছিদ্র ছিল। পুলিশের নজর এড়িয়ে সেদিক দিয়েই তিনি গর্ভগৃহে শিবলিঙ্গকে ঘিরে পুরোহিতদের কর্মব্যস্ততা দেখতে পারতেন। এরকম যে এক ছিদ্র সত্যি সত্যিই ছিল তার প্রমাণ পাই অন্য একটি সূত্রে। ১৯৩২ সালে মন্দিরের প্রধান মহন্তের জারি করা এক নির্দেশিকায় লেখা রয়েছে, ‘যে সমস্ত ভদ্রলোকেদের মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি নেই, তারা মন্দিরের পূর্বদিকে অবস্থিত ছিদ্র দিয়ে খুব সহজেই শিবলিঙ্গ দর্শন করতে পারেন।’

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অন্ধকার গলি পেরিয়ে অবশেষে মন্দির চত্বরে প্রবেশ। তখন মুখ তুলে সামনে তাকালেই ধাঁধিয়ে যায় চোখ — চোখের সামনে তখন ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাশী বিশ্বনাথের আলো ঝলমলে ‘স্বর্ণমন্দির’।

বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দির (চিত্র সংগৃহীত)

(ক্রমশ)

প্রথম অধ্যায় ‘কালভৈরবের সন্ধানে’ প্রথম পর্ব

দ্বিতীয় অধ্যায় ‘ঘাটে ঘাটে’ প্রথম পর্ব

তৃতীয় অধ্যায় ‘ফিরে দেখতে যাওয়া’ প্রথম পর্ব

চতুর্থ অধ্যায় ‘কাশী, তুমি কার?’ প্রথম পর্ব

Disclaimer
The views and opinions expressed in this series are solely those of the author and do not represent the views, policies, or positions of any organisation, institution or society of any kind or the government. The content of this series is written in the author’s personal capacity and does not reflect any official information or stance.

Leave a Reply