চলে যেতে যেতে আহাম্মকের ক-অক্ষর। পর্ব ২২। দুর্লভ সূত্রধর

গত পর্বের পর

সেই দুপুরে বইটির ১৮৮৪ সালে লিখিত প্রথম সংস্করণের ভূমিকা থেকে আমরা এ-ও জেনেছিলাম যে, মার্কস ও এঙ্গেলস নিজেদের পর্যালোচিত ইতিহাসের বস্তুবাদী শিক্ষার অনুষঙ্গে লুইস হেনরি মর্গানের গবেষণার ফলগুলি বিবৃত করতে এবং তার সামগ্রিক তাৎপর্য ফুটিয়ে তুলতে চেয়েছিলেন।

পড়াশোনার এই এক ঝামেলা— পাঠের লক্ষিত এলাকা আর শেষই হতে চায় না, ক্রমাগত তা বিস্তারিত হতে থাকে— সম্প্রসারণ দাবি করে।

ফলত আর এক দুপুরে আমাদের উল্টেপাল্টে দেখতে হলো মর্গানের ‘প্রাচীন সমাজ’ (এন্্সিয়েন্ট সোসাইটি, অর রিসার্চেস ইন দি লাইনস অব হিউম্যান প্রোগ্রেস ফ্রম স্যাভেজারি থ্রু বার্বারিজম টু সিভিলাইজেশন, ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি, লন্ডন ১৮৭৭) বইটিকে।

বইটা সংগ্রহ করতে রূপুদাকে ভীষণ বেগ পেতে হয়েছিল। আমাদের ছোটো শহরের ততোধিক ছোটো লাইব্রেরিতে এমন বই পাওয়ার আশা ছিল না। মফস্বলের বা দীঘলবেড়ের কলেজের লাইব্রেরিই বা কী এমন।

শেষ পর্যন্ত বুলু গুহর শরণ নিল রূপুদা।

পার্টি অফিসের লাইব্রেরিতে বইটা ছিল না।

শেষ পর্যন্ত বুলুদা বইটা পেয়েছিলেন পার্টির এক প্রবীণ জেলা নেতার ব্যক্তিগত সংগ্রহ থেকে। অকৃতদার, সর্বজনশ্রদ্ধেয় এই নেতা থাকতেন পৈতৃক বাড়িতে ভাইয়ের সংসারে। স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে তিনি আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে দ্বীপান্তর কাটিয়ে এসেছিলেন। স্বাধীনতার পরেও পার্টি নিষিদ্ধ থাকাকালীন এবং ভারতরক্ষা আইনে তাঁর কারাবাস ঘটেছিল।

বুলুদা যখন তাঁর সংগ্রহে থাকা মর্গানের বইটি আমাদের জন্য যাচনা করেন, তখন তিনি নাকি আশ্চর্য হয়ে টানা দেড় মিনিট বুলুদার মুখের দিকে তাকিয়ে ছিলেন, বলেছিলেন— ‘বলিস কী! সেই জেলে থাকতে বইটা পড়েছিলাম, তার পরে আর তো বইটার খোঁজ পড়েনি। এখনও এমন বই পড়নেওয়ালা আছে নাকি!’

কিন্তু বইটা নিয়ে সত্যিকরের ঝামেলায় পড়লাম আমরা। মূল ইংরেজি বইটিই পাওয়া গিয়েছিল।

অনেক কষ্টে ডিকশনারি দেখে দেখে রূপুদা মোটামুটি বইটির পাঠোদ্ধার করেছিল। এই বইয়ের নির্যাস পাঠ করে আমরা ফ্রেডারিক এঙ্গেলসের ‘পরিবারের উৎপত্তি সম্পত্তি এবং রাষ্ট্র’ বইটির সারমর্ম বহুলাংশে উপলব্ধি করতে পেরেছিলাম। এখন অবশ্য পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মর্গানের বইটির অনেকগুলি বাংলা অনুবাদ পাওয়া যায় (যেমন অসীম চট্টোপাধ্যায় সম্পাদিত বাংলা অনুবাদটি)।

 

এবং ঐ যে— পাঠের দিগন্ত রেখার ক্রম-সম্প্রসারণের তাগিদেই হতভম্ভ ভাব কাটিয়ে উঠবার আগেই আমাদের পড়ে নিতে হলো মার্কস ও এঙ্গেলসের ‘পবিত্র পরিবার বা সমালোচনামূলক সমালোচনার সমালোচনা’ (‘দি হোলি ফ্যামিলি অর ক্রিটিক অব ক্রিটিক্যাল ক্রিটিক’ ফরেন ল্যাঙ্গুয়েজ পাবলিশিং হাউজ, মস্কো ১৯৫৬)।

 

এক এবং অদ্বিতীয় বুলু গুহ বইটা আমাদের হাতে তুলে দিয়ে বলেছিলেন যে, এই বইটাই নাকি এঙ্গেলস ও মার্কসের প্রথম যৌথ রচনা। নামটি শুনে যা-ই মনে হোক না কেন এই গ্রন্থটি পরিবার সংক্রান্ত আলোচনা নয়।

বইটির মর্মোদ্ধার করা আমাদের মতো দুই আধা-বোদ্ধার পক্ষে বেশ কঠিন কাজ ছিল।

১৮৪৪ সালের আগস্ট মাসে এঙ্গেলস প্যারিসে মার্কসের সঙ্গে মিলিত হন। এই সাক্ষাৎকারই ছিল তাঁদের তাত্ত্বিক ও প্রায়োগিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যৌথ সৃজনশীল কাজের সূচনা। ‘পবিত্র পরিবার’ ঐ বছরেরই শরৎকালে প্যারিসে রচিত হয়েছিল। এই বইতেই মার্কস ও এঙ্গেলস কীভাবে ভাববাদ থেকে বস্তুবাদে উত্তীর্ণ হয়েছিলেন তার একটা রূপরেখা পাওয়া যায়। বলুদা বইটা পড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন এই ব্যাপারে যে, এই বই থেকে মার্কসীয় ধারণাসমূহের মূল কাঠামো সম্পর্কে একটা ধারণা গড়ে তোলা যায়। এই গ্রন্থ রচনার ঠিক চার বছর পরে, ১৮৪৮ সালে ‘কমিউনিস্ট পার্টির ইস্তেহার’-এ এইসব ধারণা ও ব্যবহারিক বিপ্লবী কর্মকাণ্ড সম্পর্কে মার্কস-এঙ্গেলসের তত্ত্বভূমিটি দৃঢ়-ভিত্তি লাভ করে।

বুলুদার এই ব্যাখ্যায় রূপুদা আর আমার বিস্ময়ের সীমা ছিল না— এই মানুষটিকে কিনা পার্টি নেতা নামক হাফ-মাতব্বরদের জন্য অবিরাম লাল চা বানাতে হয়!

 

বইটি নেড়েচেড়ে আমরা বিশেষ সুবিধা করতে পারলাম তা নয়, কিন্তু যেটুকু বুঝলাম, তা হলো— ‘পবিত্র পরিবার’ গ্রন্থটি আদৌ পরিবারের গঠন বা তার মধ্যেকার মানুযের পারস্পরিক ও সামাজিক-অর্থনৈতিক সম্পর্কের ব্যাখ্যা নয় (যা পরে ‘পরিবারের উৎপত্তি, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্র’ গ্রন্থে ব্যাখ্যাত হয়েছে), সম্ভবত এই গ্রন্থেই ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্তুবাদের এবং সমাজ পরিবর্তনের মূল সূত্রটি খুঁজে পেয়েছিলেন মার্কস ও এঙ্গেলস। এই বইয়েই তাঁরা পেয়েছিলেন সেই মানব সভ্যতার পরিবর্তনের সেই ঐতিহাসিক সত্যের শিকড়ের সন্ধান— ‘আইডিয়াজ ক্যান নেভার লীড বিয়ণ্ড অ্যান ওল্ড ওয়ার্ল্ড সিস্টেম, বাট ওনলি বিয়ণ্ড দি আইডিয়াজ অব দি ওল্ড ওয়ার্ল্ড সিস্টেম. আইডিয়াজ ক্যাননট ক্যারি এনিথিং আউট অ্যাট অল। ইন অর্ডার টু ক্যারি আউট আইডিয়াজ মেন আর নিডেড হু ডিসপোজ অব এ সার্টেন প্র্যাকটিক্যাল ফোর্স।’ অর্থাৎ কোনো পরিবর্তিত ধারণা নিজে নিজে সমাজকে, কোনো ব্যবস্থাকে, কোনো তন্ত্রকে বদলাতে পারে না,— ‘ধারণা বাস্তবায়নের জন্য এমন মানুষের প্রয়োজন যাদের একটি নির্দিষ্ট ব্যবহারিক শক্তি রয়েছে।’

‘পবিত্র পরিবার’ গ্রন্থে ঐতিহাসিক মার্কস ও এঙ্গেলস বস্তুবাদের মূল ধারণা, অর্থাৎ সমাজের উন্নয়ন পদ্ধতির (হয়তো পরিবর্তনেরও) নির্ণায়ক ভূমিকা বিষয়ক প্রত্যয়ের দিকে অগ্রসর হয়েছেন। এবং উপলব্ধি করেছেন যে, সমাজ পরিবর্তনকে বাস্তবায়নের জন্যই পূর্বকথিত ব্যবহারিক শক্তি-সমন্বিত জনশক্তির প্রয়োজন।

 

 

ঘড়ি বন্দক দেওয়া একশো টাকা, আর রূপুদার আশ্বাস সম্বল করে দিন কাটছিল। এই সব বই পাঠের সুফলকে পাঠকদের মধ্যে বস্তুতান্ত্রিক বিচারবোধের বিকাশ হিসেবে ব্যাখ্যা করা যায়। এই পাঠে আামাদের পূর্বনির্ধারিত গণনালব্ধ বা হিসেবি বিকারে আহত পারিবারিক সম্পর্কের মোহ যেমন বহুলাংশে কেটে গেল, তেমনি ভিতরে জমে ওঠা বিদ্বেষ-ক্ষোভও বহুল পরিমাণে প্রশমিত হলো। কিন্তু এই েমাহভঙ্গকে রবীন্দ্রনাথের মতো জীবনের মতো ‘যোগীজনচিত অক্ষোভ’ বলা যায় না। এটাকে পাঠজনিত আলোয় ‘তিমিরহননে’র পর্ব হিসেবে বিবেচনা করা যেতে পারে।

 

কিন্তু নবলব্ধ আলোকপ্রাপ্তির সঙ্গে সঙ্গে পরিবার ও পারিবারিক সম্পর্ক নিয়ে মার্কস ও এঙ্গেলসের ঈষৎ খাড়াখাড়ি মনোভাবে বাঙালি পরিবারভুক্ত আমরা বেজায় ধন্দে থেকে গেলাম।

 

আমরা কিছুতেই এইটা মেনে নিতে পারছিলাম না যে, পরিবার নিছকই একটি নিপীড়নমূলক প্রতিষ্ঠান। পুঁজিপতিশ্রেণীর স্বার্থ রক্ষা করাটাই পরিবারের মূল কাজ। যদিও আমার সামনের দিনগুলোতে ছিল অনাহার বা অর্ধাহারের ভ্রুকুটি, তবু পারিবারিক সম্পর্কের মধ্যে হৃদয়ের কোনো ভূমিকা নেই এটা ভাবতে কষ্ট হচ্ছিল। এই যে সেজদি ওর কষ্টার্জিত টিউশনের টাকায় আমাকে জীবনের প্রথম ফুলপ্যান্ট কিনে দিয়েছিল, জ্বর-জ্বারি হলে দিনের পর দিন রাত জেগেছিল, কেনই-বা অঙ্ক পরীক্ষার আগের দিন আমাকে অঙ্ক করাবার জন্য নিজের অত শখের বাঁধানো সাদা খাতাটা আমার হাতে তুলে দিয়েছিল! সেজদি ভালো করেই জানত যে, ঐ খাতাটার ওপর আমার লোভ রয়েছে। বস্তুত প্রতি বছর পরীক্ষার দিন-কয় আগে থেকে সেজদি ধরেবেঁধে অঙ্ক করাতো বলেই ক্লাসে অঙ্কে গাড্ডু খাওয়ার হাত থেকে রেহাই পেতাম।

এই প্রশ্নও দেখা দিল যে. বাবা যে সংসারের জন্য এত শ্রম করেন, মা দিন-রাত্রি এক করে খেটে চলে— কাকার কুটিলতায় আবিবাহ বিদ্ধ কাকিমা একেবারে নিঃশব্দে এবং কাকার প্ররোচনায় সেজদার নির্বিকল্প অবহেলা সত্ত্বেও বাবার আঁটাআঁটি রকমের রোজগার থেকে পয়সা বাঁচিয়ে মা যে আমাদের জন্য সারা বছর মরশুমি ফল কিনে আনতেন,— তার কারণ কী! এ সবই কী শুধুমাত্র উত্তরাধিকার সংরক্ষণ, আর সম্পত্তির হস্তান্তরের কারণে? এখানে নির্বিশেষে স্নেহ, মমতার কোনো ভূমিকা নেই বা সবকিছু  ভেবে-চিন্তে বাবা-মায়েরা করে চলেছেন— এ কথা ভাবা খুবই শক্ত ছিল। নাকি বাবা-মা এসব ভেবে-চিন্তে বা তাত্ত্বিকতায় সচেতন হয়ে করেন না— একটা তন্ত্রের মধ্যে আমরা আছি বলে সেই ব্যবস্থাটা আমাদের দিয়ে এসব করিয়ে নেয়— তার ভাবাদর্শগত দিকটি সামাজিক মানুষের মধ্যে সক্রিয় ও তাদের নিয়ন্ত্রক হয়ে থাকে? কাকার ধারাবাহিক ও পরিকল্পিত দখলদারি কিংবা বড়দিদের মনোভাব পারিবারিক স্বার্থ-সংঘাতের বিকারকে  সিঙ্গেল ডায়মেনশন্যালভাবে ভীতিপ্রদ বা বিশ্বাসহীনতার এক সর্বগ্রাসী আলোকলুপ্ত কৃষ্ণগহ্বর বলে ধরে নেওয়া যায়?

 

রূপুদাদের পরিবার নিয়ে তো আমাদের আরও ভয়ানক আত্মদ্বন্দ্ব দেখা দিল।

রূপুদার ভাই তার ছোটোবেলায় প্রায়শই মারপিট করে জামাটামা ছিঁড়ে নিয়ে স্কুল বা খেলার মাঠ থেকে বাড়ি ফিরত। তার কারণ ছিল রূপুদা। দাদাকে নুলো বা খোঁড়া বললে রূপুদার ভাই তাকে মেরেধরে, পাল্টা মার খেয়েটেয়ে একসা করত। তার সেই ভাবটা আজও আছে।— এটা কি দাদার প্রতি ভাইয়ের ভালোবাসো, কিংবা বিস্তারিত অর্থে আনুগত্য নয়! এর পেছনে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল বা আছে এমনটা ভাবা খুবই কষ্টকল্পনা।

ভেবে দেখতে গেলে— রূপুদাদের বাবার কর্তব্যরত অবস্থায় মারা যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে রূপুদাই। আর ক্ষতি হয়েছে রূপুদার ভাইয়ের। কেননা ভাই ছিল পড়াশোনায় দুর্দান্ত। বি-কম পাশ করার পর এম-কমের সঙ্গে সঙ্গে তার চার্টার্ড অ্যাকাউনটেন্সি করার ভারি ইচ্ছা ছিল। কিন্তু বাবা মারা যাওয়ায় তার সব ইচ্ছা চৌপাট হয়ে যায়। রূপুদার শারীরিক প্রতিবন্ধ্যার কারণে কমপ্যাশনেট গ্রাউণ্ডে বাবার চাকরিটা তাকেই গ্রহণ করতে হয়। কেননা, এই জনসমাজ কতটা হিংস্র, কতটা পরপীড়নকারী, কতটা হৃদয়হীন ও বিবেকবর্জিত তা সে জানত। ছোটোবেলা থেকেই দাদার শারীরিক ত্রুটি নিয়ে সবাইকে মজা লুটতেই সে দেখেছে। তাই নিজের স্বপ্নকে মুলতুবি রেখে সে দাদার ভার নিয়ে চাকরি করতে গেছে। নিজের বিয়ে হয়েছে, রূপুদার প্রতি তার ব্যবহার এতটুকু বদলায়নি। তার বউকে সে কী মন্ত্র দিয়েছে কে জানে— সে-ও রূপুদা আর মায়ের সমান যত্ন নেয়। বাকি থাকল— তার নিজের ছেলেমেয়ে হওয়ার পর কী হয় তা দেখার— সে প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত থাকলেও থাকতে পারে।

ইত্যাকার দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে দিয়ে আমার ও রূপুদার দিন কাটছিল।

দুবেলা সামান্য ভাত ফুটিয়ে খেতেই আমার সময় বরবাদ হচ্ছিল অনেকটা।

ভাত ফুটিয়ে খেতে গিয়েই বুঝতে পারলাম আমাদের পরিবারগুলোতে মেয়েদের স্থান ঠিক কোথায। চিরকাল মাকে দেখে এসেছি যে, সকালবেলা উঠে থেকে মায়ের দৌড়োদৌড়ি। সকালের জলখাবার, বাবার দোকানে যাবার প্রস্তুতি, আমাদের দুটি ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে তবে মায়ের দুটি রুটি মুখে তুলবার সময় হতো। তার আগে মা এক কাপ চা বানিয়ে নিজে খেয়ে নিতেন, নচেৎ অতিথিদের আগমন ছাড়া বাড়িতে চায়ের পাটাপাট তেমন একটা ছিল না। মায়ের চা-রহস্য সেজদিই ফাঁস করে দিেয়ছিল। আসলে মা সকালবেলার প্রবল খিদে এক কাপ চা দিয়ে চাপা দিয়ে দিতেন!

এক দিন নয়, দিনের পর দিন!

(ক্রমশ)

Leave a Reply