চলে যেতে যেতে আহাম্মকের ক-অক্ষর। পর্ব ১২। দুর্লভ সূত্রধর

গত পর্বের পর

বিমলদা বলেছিলেন যে, তিনি ইতিমধ্যেই স্বেচ্ছাবসরের জন্য কাগজপত্র তৈরি করে ফেলেছেন। তার ওপরে দায়িত্বে থাকা কাজ-সংক্রান্ত সমস্ত ফাইলের লিস্ট বানিয়ে সেকশন অফিসারকে দিয়ে সই করিয়ে রেখেছেন। অফিস আলমারি থেকে তোয়ালে, স্ট্যাপলার কিংবা পেপার ওয়েট পর্যন্ত সবকিছুর সিজার লিস্ট বানিয়ে সই করিয়েছেন। সেকশন অফিসার ভদ্রলোক তরল পদার্থ শ্রেণীর ভালোমানুষ ও ভীরু। শুধুমাত্র বিমলদার জন্য বরাবর তিনি চাপে থেকেছেন। তিনি খুশি মনে সব সই করে দিয়েছেন এবং তাঁর স্বেচ্ছাবসরের চিঠিও ফেভারেবল নোট দিয়ে ফরোয়ার্ড করে দিতেও রাজি হয়েছেন। এবং কথা দিয়েছেন এসব কথা কাউকে বলবেন না।

আমার মনে পড়ে গিয়েছিল আজ মাসের আটাশ তারিখ। আর মাত্র দুদিন পরেই চিঠিটা জমা দিয়ে বিমলদা চলে যাবেন— এত নিঃশব্দে, এত অনাড়ম্বরভাবে— এত বিনা ভূমিকায়!

কিন্তু ব্যাপারটা যত সহজে হবে বলে ভেবেছিলেন বিমলদা ততটা সহজ হলো না।

সেকশন অফিসার নিজের পিওন বুকে করে মুখবন্ধ খামে চিঠিটা ডিরেক্টরের অফিসে পাঠানোর পর পুরো অফিস-ক্যাম্পাসে ব্যাপারটা ফাঁস হয়ে গেল।

চিঠিটা দেওয়ার পরদিন থেকেই বিমল ঘোষ অফিসে আসা বন্ধ করে দিলেন।

এই পদত্যাগে বোঝা গেল অনেকেই বিমলদাকে সমীহ করে, ভালোওবাসে। নেহাৎই ক্ষমতাবানদের বিরাগের ভয়ে বিমলদার নেওটা হতে পারেনি।

তাই বিমলদা চলে যাওয়ার পর সেই ভালোবাসা, সমীহত্ব, হয়তো খানিকটা চোরা ভক্তিরও বিস্ফোরণ ঘটল অফিস-ক্যাম্পাসে।

বিমলদাকে বুঝিয়ে-সুঝিয়ে ফিরিয়ে আনার জন্য আমাদের ইউনিয়নের নেতাদের ওপর বিরাট চাপ তৈরি হলো। সকলেই বললেন বিমলদাকে ফিরিয়ে আনার জন্য ইউনিয়নগতভাবে উদ্যোগ নেওয়া উচিত।

নানা ধরনের স্ববিরোধ ও ভ্রান্তিময় আচরণে লিপ্ত, দৈহিক শ্রম বা কলকারখানাবিরহিত এইসব অফিস ইউনিয়নগুলি বহু আগেই ভুলে গিয়েছিল যে বিষমবাদী সমাজে শ্রমিক শ্রেণীর টিকে-থাকার লড়াইয়ের একটা অপরিহার্য হাতিয়ার। ইউনিয়নগুলি কার্ল মার্কসের একথাটাও ভুলে গিয়েছিল যে, ট্রেড ইউনিয়ন শুধু মজুরি বৃদ্ধি, বেতন কমিশন লাগু করার জন্য ব্যগ্রতাপ্রাপ্ত, দৈনন্দিন সুবিধাবৃদ্ধির চেষ্টা, উচ্চপদস্থ যে-কাউকেই শ্রেণীশত্রু হিসেবে চিহ্নিত করে ক্ষুদ্রতম অফিসারেরও বিরোধিতা ইত্যাদির পরিবর্তে ট্রেড ইউনিয়নগুলিকে আসলে শ্রমিকশ্রেণির রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং পঁুজিবাদী ব্যবস্থার উচ্ছেদের কাজে প্রাথমিক বিদ্যালয় হিসেবে গণ্য করা উচিত। কিন্তু ইউনিয়নের মাঝারি স্তরের নেতাদের পর্যন্ত মাথায় মার্কস-নির্দেশিত ট্রেড ইুউনিয়নের ব্যাপারটা আদৌ ছিল না। তাই সাধারণ কর্মীদের একটা বড়ো অংশ বিমলদার রাজকীয় চালচলনে তাঁকে হিরো বলে মনে করলেও ইউনিয়ন নেতাদের পক্ষে বিমলদাকে পছন্দ করা কঠিন ছিল।

ইউনিয়ন নেতারা বলতে লাগলেন— ‘বিমল ঘোষ তো আমাদের ইউনিয়নের মেম্বার বা কেউ ছিলেন না। বরং যত্রতত্র আমাদের সমালোচনা করতেন। সেই লোকের জন্য আমরা ওকালতি করব কেন!’

কিন্তু ব্যতিক্রম হয়ে দাঁড়ালেন ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মেম্বার গুরুপদ দে।

গুরুপদবাবুই একমাত্র ইউনিয়ন লিডার ছিলেন যাঁকে ঠিক দশটার সময় তাঁকে তাঁর চেয়ারে পাওয়া যেত। দশটা থেকে দুটো পর্যন্ত তিনি একবারও চেয়ার ছেড়ে উঠতেন না। নানান ফাইল থেকে মুখও তুলতেন না। সব ফাইলের কাজ শেষ করে, ফাইলগুলো তাঁদের স্টেশনারি সেকশনের সুপারভাইজারের টেবিলে পাঠিয়ে দিয়ে তবে চায়ের কাপে চুমুক দিতেন। কোনো কোনোদিন চা খেতে তাঁর বেলা তিনটে বেজে যেত! তার পর তিনি সংগঠনের কাজে বেরোতেন— প্রায় সব ডিপার্টমেন্টে যেতেন তিনি।

ইউনিয়নের নেতাদের মতিগতি দেখে গুরুপদবাবু বললেন— ‘ইউনিয়নের লোকেদের একবার বিমল ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে পদত্যাগপত্র তুলে নেওয়ার জন্য অনুরোধ করা উচিত। তিনি মিটিংয়ে জিজ্ঞেস করলেন— ‘বিমলবাবু ইউনিয়নের মেম্বারশিপ নেননি সে তাঁর ইচ্ছে। কিন্তু আপনারা কেউ কি বলতে পারবেন চাকরি খাওয়ার, চাকরিতে একদিনের ডিসকন্টিনিউ করে দেওয়ার, একদিনের মাইনে কেটে নেওয়ার হুমকির সামনে মাথা নত করে কোনো ধর্মঘটে বিমলবাবু অফিসে এসেছেন! তিনি আস্ফালনও করেননি, নিজেও আসেননি। কিন্তু যে তিরিশ-চল্লিশ পারসেন্ট লোক ধর্মঘটের দিন অফিসে আসেন তাদের কতজন কাগজে কলমে আমাদের ইউনিয়নের কুপনকাটা মেম্বার তা নিশ্চয়ই জানা আছে! এই মেম্বারদের কতজন হাসি মুখে স্বইচ্ছায় সাধারণ ও বিশেষ তহবিলে চাঁদা দেন? বিমলবাবু কিন্তু মেম্বার না-হয়েও প্রতিবছর বিশেষ ও সাধারণ তহবিলে নির্ধারিত মাত্রার থেকে অনেক বেশি চাঁদা নাম প্রকাশ না-করার শর্তে আমার কাছে পাঠিয়ে কুপন কাটিয়ে নিয়ে গেছেন! স্বাধীনচিত্ত মানুষমাত্রেই তাঁদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখাটা এক-ধরনের মানসিক প্রতিবন্ধ্যার লক্ষণ। সেই কারণেই রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউনিয়নের সদস্য সংখ্যা অর্ধেক হয়ে যায়! কিন্তু বিমলবাবুরা ‘হাওয়া মোরগ’ নন। তাঁরা কর্তব্যে অবিচলিত থাকেন।’

গুরুপদ দে-র এই তীব্র বাক্যের পর প্রবল চাপের মুখে নেতাদের কয়েকজন বিমলদার বাড়িতে গিয়েছিলেন তাঁকে রাজি করাতে। অফিসসুদ্ধু লোক জানত যে, বিমল ঘোষের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে। বিমলদা আমাকেই একটু পাত্তা দেন। কিন্তু বিমলদার বাড়ি যাবার জন্য টিমে আমাকে কেউ ডাকলেন না। আমিও বেঁচে গেলাম। এসব ব্যাপার নিয়ে বিমলদার মুখোমুখি হওয়াটা কত কঠিন কাজ তা আমি ছাড়া কেউ জানত না!

 

গুরুপদ দে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অভিজ্ঞ মানুয। তিনি ভালোভাবেই জানতেন— বিমল ঘোষ ঘন ঘন মত বা পক্ষ বদল করবার মানুষ নন। তিনি সম্মান বা আর্থিক নিরাপত্তা—  কোনোকিছুরই খাতিরে নিজের পথ থেকে সরে আসবেন না। কিন্তু কর্মচারি সমাজের কাছে এটাই প্রমাণ করার ছিল যে, ইউনিয়ন নিজের সংকীর্ণতা ত্যাগ করে নিজেদের মেম্বার না-হওয়া সত্ত্বেও বিমল ঘোষের মতো একজন খাঁটি মানুষকে ফিরিয়ে আনবার জন্য উদ্যোগ নিয়েছে!

তাই গুরুপদ দে নিজে অন্তত ইউনিয়নের লোকেদের সঙ্গে বিমলদার বাড়ি গেলেন না। কিংবা আমাকেও নিয়ে যাওয়ার জন্য কোনো নির্দেশনাও দিলেন না।

ইউনিয়নের আধা ও সিকি নেতারা, যারা আসলে ছিলেন মাতব্বরমাত্র— তারা বেশ গেরেম্ভারী চালে বিমলদার বাড়ি গেলেন।

বিমলদার বাড়িতে চা-সিঙারা, বউদির হাতের ঘুগনি খেয়ে আমার প্রত্যাশা মতো প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলেন।

একজন অতিচালাক মাতব্বর নাকি প্রায় আত্মীয়তা ঢঙে বউদিকে জিজ্ঞেস করেছিলেন— ‘আপনি কি জানেন বউদি বিমলদা কী করেছেন! আমরা কেন এসেছি!’

টেবিলে জলের গ্লাস রাখতে রাখতে বউদি মুখ তুলে হেসে উত্তর দিয়েছিলেন— ‘আপনাদের কি ধারণা, ওর সিদ্ধান্তটা আমার আগে আপনারা জানতে পেরেছেন? আসলে সিদ্ধান্তটা প্রাথমিকভাবে আপনাদের বিমলদার নয়, আমারই। আমিই বলেছি— আমাদের জন্য মানুষটা সেই কোন ছোটোবেলা থেকে খেটে চলেছে। অনেক হয়েছে। আর নয় এবার বিশ্রাম।’

বউদির এই মিষ্টি জবাবে মাতব্বরদের মুখে আর কথা সরেনি।

এই ইউনিয়নের পাণ্ডারা এতই নির্বোধ যে, নিজেদের গালের এই চপেটাঘাতের কথা নালিশের আকারে গুরুপদবাবুর কাছে নিজেরাই কবুল করেছিলেন।

বিমলদা আর কোনোদিন অফিস-ক্যাম্পাসে পা দেননি। পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচ্যুইটি, পেনশন কমিউট করার টাকা পাবার জন্য তিনি কখনও তাগাদা দিতে আসেননি। লাইফ সার্টিফিকেট পাঠিয়েছেন আমারই হাত দিয়ে। কেউ ফোন করলে বিমলদা সৌজন্যবশত ধরেছেন, কিন্তু আমাকে ছাড়া অফিসের কাউকে কখনও নিজে থেকে ফোন করেননি। এবং ব্যক্তিগত কুশল সংবাদ বিনিময় ছাড়া অফিস-সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ফোনে একটি শব্দও কদাপি উচ্চারণ করেননি। আমাকে ফোন করার কারণ— আমাকে নিয়ে সর্বদাই তিনি আতঙ্কে থাকতেন। তাঁর আশঙ্কা ছিল— আমি এতবড়ো আহাম্মক যে, আমি ভেতরে-বাইরে তাঁর থেকেও বেশি বিপন্ন হতে পারি।

 

দু-একজন গুরুপদ দে বা বিমল ঘোষেরা ক্রমেই ডাইনোসরয়ুগের মিউজ়িওলজির উপাদানে পরিণত হয়েছেন। সেসব ব্যতিক্রমী মানুষ আসলে আমাদের মতো গড় মানুষকে চেনার নিয়মকেই যেন প্রমাণ করে চলেছে।

 

রিটায়ারমেন্টের পর বিমলদা আর বউদি বাড়িতেও থাকেননি।

মাঝ মাঝে তাঁর ফোন পেয়েছি— কখনও শান্তিনিকেতন থেকে, কখনও ইলামবাজার বা রায়পুর ফরেস্টের বনবাংলো থেকে, কখনও ম্যাসেঞ্জোরের কোনো হোটেল থেকে, কখনও বিষ্ণুপুরের কোনো লজ থেকে— আরও কত নাম-না-জানা জায়গা থেকে। বিমলদার বয়স বেড়েছে, বউদিরও। বয়স আর নানান রোগ আক্রমণ করেছে। কিন্তু ছেলেমেয়েদের বৃত্তায়িত জীবনে তাঁরা আর প্রবেশ করেননি। কোনো মন্দিরে. মঠে বা মিশনের আশ্রয় নেননি। কোনো গুরুর আশ্রয়ে ভক্তিচুরির বিদ্যায় আজও তাঁরা হাত পাকাননি।

এত কিছুর মধ্যেও প্রতিবছর বিমলদা আমাদের জেলার বার্যিক ও বিশেষ তহবিলে নিয়মিত টাকা পাঠিয়ে গেছেন।

আজও তাঁদের অদ্ভুত পরিব্রাজন শেষ হয়নি।

বয়স আরও বাড়লে কী হবে, সেটা কে আর জানে!

 

বিমলদা ঘোষের জেদতাড়িত জীবন ও পারিবারিক পরিণতি আঘাত দিয়েছিল, দুঃখ দিয়েছিল— কিন্তু বিস্মিত করতে পারেনি। বিস্মিত হতে পারলে বিমলদার পারিবারিক ঘটনাকে ব্যতিক্রমী মনে করে স্বস্তি ও সান্ত্বনা পাওয়া যেতে পারত। কিন্তু অকালপক্ক কালেই সাংগঠনিক ও তজ্জনিত তাত্ত্বিকতার জন্ম হওয়ায় বিমলদার ছেলেমেয়েদের আচরণকে সৃষ্টিছাড়া নিয়মহীন বলে মনে হওয়ার পরিবর্তে সমাজ-ঐতিহাসিক সত্যের পৌনপুনিক বহিঃপ্রকাশের অঙ্গ বলেই মনে হয়েছিল। সেই ক…বে… মার্কস ও এঙ্গেলস শুধু পরিবারের উচ্ছেদ কামনা করেছিলেন। কেননা আধুনিক পরিবার হলো ব্যক্তিগত মালিকানারই একটি তথাকথিত সামাজিক অভিব্যক্তি। সন্তানের ওপর পিতামাতার ব্যক্তিগত আধিপত্যের ধারণা এবং অধিকারবোধের উচ্ছেদ কামনা করেছিলেন তাঁরা। এখানে পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, পরিবারিক শিক্ষার জায়গায় সামাজিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। পিতামাতা-সন্তানের তথাকথিত ‘পবিত্র সম্পর্ক’ মুহ্যমানতায় আক্রান্ত হতে বাধ্য।

দ্বন্দ্বমূলক ইতিহাসদ্রষ্টা মার্কস-এঙ্গেলস ‘কমিউনিস্ট পার্টির ইস্তেহার’-এ সরাসরি বলেই দিয়েছিলেন— ‘আধুনিক যন্ত্রশিল্পের ক্রিয়ায় মজুরদের মধ্যে পারিবারিক বন্ধন যত বেশি মাত্রায় ছিন্ন হতে থাকে, তাদের ছেলেমেয়েরা যত বেশি করে কেনাবেচার বস্তু ও পরিশ্রমের হাতিয়ারে পরিণত হতে থাকে, পরিবার ও শিক্ষা বিষয়ে, বাপ-মার সঙ্গে ছেলেমেয়েদের পবিত্র সম্বন্ধ নিয়ে বুর্জোয়াদের বাগাড়ম্বর ততই বিতৃষ্ণাজনক হয়ে ওঠে।’

এই দ্বান্দ্বিক সত্যটা হয়তো তাত্ত্বিকভাবে বিমলদা জানতেন না। কিন্তু নিজের জীবনানুশীলনের শুদ্ধতার জোরেই তাঁর নিজস্ব সত্যোপলব্ধিগুলি অর্জিত হয়েছিল। তখন মনে হয়েছিল— বিমলদার ছেলেমেয়েরা তো ইতিহাসের হাতের পুতুল। তাদের ভেতরে এমন জোর নেই যে, পুঁজিবাদী ভাবধারার আবর্জনাগুলোকে তারা অস্বীকার করে ব্যতিক্রমী হয়ে উঠতে পারে! সুতরাং তাদের প্রতি রাগ বা অভিমান করা রাগ ও অভিমানের শোচনীয় অপচয় মাত্র।  তাই বিমলদার সিদ্ধান্তকে ভেতরে ভেতরে অভিনন্দিত করা ছাড়া কোনো উপায় ছিল না।

বিমলদা ঘোষেদের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের কথা কেউ কি কখনও লিখে রাখবে কোথাও?

(ক্রমশ)

Leave a Reply