আমাজনের পথে। হেনরি ওয়াল্টার বেটস। পর্ব ১২। অনুবাদে সোমরাজ বন্দ্যোপাধ্যায়

গত পর্বের পর

আরও যে কয়েকটি বিশাল গাছের স্থানীয় নাম আমরা জানতে পেরেছিলাম, তাদের মধ্যে ছিল মইরা-টিঙ্গা (Moira-tinga), অর্থাৎ ‘সাদা’ বা ‘রাজা-গাছ’। সম্ভবত স্যার রবার্ট শোমবার্গ ব্রিটিশ গায়ানায় যে মোরা এক্সেলসা-র আবিষ্কার করেছিলেন, সেটি এই একই প্রজাতিভুক্ত অথবা এর নিকটাত্মীয়; সামাউমা (Eriodendron Samauma); এবং মাসারান্দুবা বা Cow-tree।

শেষোক্ত গাছটিই সবচেয়ে বিস্ময়কর। এই গাছটির ছাল থেকে গরুর দুধের মতো পানযোগ্য রস বেরোনোর কথা আমরা আগেই অনেক শুনেছিলাম। পারায় আমরা এর ফলও খেয়েছিলাম। সেখানে কৃষ্ণাঙ্গ মহিলারা রাস্তায় এগুলি বিক্রি করত। এর গাছের কাঠ জলে অত্যন্ত টেকসই—এ কথাও আমরা অনেক শুনেছিলাম। তাই এই আশ্চর্য গাছটিকে তার নিজস্ব বন্য পরিবেশে বেড়ে উঠতে দেখে আমরা বিশেষ আনন্দিত হলাম।

এটি অরণ্যের সুবৃহৎ রাজকীয় গাছগুলির অন্যতম। খাঁজকাটা, লালচে এবং ছেঁড়াখোঁড়া ছালের কারণে এর চেহারা বেশ স্বতন্ত্র। আমি শুনেছিলাম, এর ছাল কাপড়ে লাল রং করার কাজে ব্যবহৃত হয়। কয়েক দিন পরে আমরা এর দুধও চেখে দেখেছিলাম। করাতকলে বহুদিন ধরে প্রখর রোদের মধ্যে পড়ে থাকা শুকনো গুঁড়ি থেকে সেই দুধ সংগ্রহ করা হয়েছিল। কফির সঙ্গে এটি বেশ ভালোই লেগেছিল। তবে সরাসরি পান করলে একটা তীব্র গন্ধ নাকে আসে। অল্প সময়ের মধ্যেই এটি অত্যন্ত আঠালো এক ধরনের জেলিতে পরিণত হয়। ভাঙা মাটির বাসন জোড়া লাগানোর কাজে প্রায়ই এই আঠা ব্যবহার করা হয়। আমি আরও শুনেছিলাম যে এটি বেশি পরিমাণে পান করা নিরাপদ নয়; কারণ সম্প্রতি একজন দাস অতিরিক্ত পরিমাণে পান করে প্রায় প্রাণ হারাতে বসেছিল।

রাস্তার কিছু কিছু অংশে ফার্নের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পরে আমি মারানহাঁওয়ের রাস্তায় এগুলি আরও অনেক বেশি সংখ্যায় দেখতে পাই। বিশেষ করে একটি জায়গায় গোটা অরণ্যের খোলা প্রান্তরটি যেন এক বিশাল ফার্নবাগানে পরিণত হয়েছিল, যেখানে মাটি ঢাকা ছিল স্থলজ ফার্নে, আর গাছের কাণ্ডগুলিতে ছেয়ে গিয়েছিল আরোহী ও পরাশ্রয়ী ফার্ন। পারা অঞ্চলে আমি কোনও ট্রি-ফার্ন দেখিনি। এগুলি পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। তবে অ্যামাজনের উপরের অংশে এদের কিছু প্রজাতি দেখা যায়।

এগুলিই ছিল এই অরণ্যের গাছপালার প্রধান বৈশিষ্ট্য। কিন্তু ফুল কোথায় পাওয়া যায়?

এই বিষয়ে আমরা প্রবল হতাশ হলাম। ফুল প্রায় দেখতেই পাই না; যা দু-একটি চোখে পড়ল, সেগুলিও ছিল নগন্য। নিচু জমির ঘন অরণ্যে অর্কিড পাওয়া যায় না বললেই চলে। আমার বিশ্বাস, এখন মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে বিষুবীয় ব্রাজিলের অরণ্যের অধিকাংশ গাছের ফুলই ছোট এবং খুব একটা আকর্ষণীয় নয়। ফুলে ফুলে ঘুরে বেড়ানো পতঙ্গও এই অরণ্যে বিরল। তাদের প্রিয় খাদ্যই যেখানে নেই, সেখানে তাদের পাওয়া যাবে না—এটাই স্বাভাবিক। কিন্তু অরণ্যে যেখানে ফুল দেখেছি, সেখানেও আমি লক্ষ করেছি, ফুলের উপর খুব কমই কোনও পতঙ্গ দেখা যায়। অনেক সময় একটিরও দেখা পাওয়া যায় না।

অন্যদিকে, নিম্ন অ্যামাজনের সান্তারেমের খোলা প্রান্তর বা কাম্পোস অঞ্চলে ফুলের গাছ ও ঝোপঝাড় অনেক বেশি। ফলে সেখানে বিপুল সংখ্যক পতঙ্গও সেইসব ফুলের টানে আসে। দক্ষিণ আমেরিকার অরণ্য-মৌমাছিদের মধ্যে Melipona ও Euglossa গণের মৌমাছিগুলিকে ফুলের পরিবর্তে গাছ থেকে নিঃসৃত মিষ্টি রস অথবা পাতার উপর পাখিদের মল খেতে বেশি দেখা যায়।

অরণ্যের বৃহত্তর প্রাণীদের কারও দেখা না পাওয়াতেও আমরা হতাশ হয়েছিলাম। কোথাও প্রাণের কোনও স্পন্দন বা কোলাহল ছিল না। আমরা একটাও বানর দেখিনি, তাদের ডাকও শুনিনি। কোনও ট্যাপির বা জাগুয়ারও আমাদের পথ অতিক্রম করেনি। পাখিদের দেখা পাওয়াও ছিল অত্যন্ত বিরল। তবে মাঝে মাঝে আমরা শুনতে পেতাম ইনাম্বু নামের এক ধরনের তিতিরের (Crypturus cinereus?) দীর্ঘ, করুণ আর্তনাদ। আবার ছোট ছোট নদীর তীরের নিচু জায়গাগুলিতে আর-এক ধরনের পাখির কোলাহল শোনা যেত। মনে হতো, পাখিগুলি জোড়ায় জোড়ায় গাছের মাথায় চলাফেরা করছে এবং পরস্পরকে ডাকছে। তাদের সেই ডাক সমগ্র নির্জন অরণ্যে প্রতিধ্বনিত হয়ে উঠত।

আর-একটি একাকী পাখির গান ছিল অত্যন্ত মধুর, অথচ বিষণ্ণ। সেই গানের কয়েকটি মাত্র নোট করুণ স্বরে উচ্চ থেকে শুরু হয়ে ধীরে ধীরে নিচে নেমে আসত। সম্ভবত এটি ট্রাইকাস গণের কোনও এক প্রজাতির গায়ক পাখি ছিল। পাখিদের এই সমস্ত ডাক অরণ্যটিকে এক স্বতন্ত্র রূপ দিত।

তবে এই প্রথম অভিজ্ঞতার ভিত্তিতে অরণ্যে প্রাণীর সংখ্যা ও বৈচিত্র্য সম্পর্কে যে ধারণা আমার হয়েছিল, পরে তা শুধরে নেওয়ার যথেষ্ট কারণ ছিল। প্রকৃতপক্ষে, অ্যামাজনের এই অরণ্য এবং অন্যান্য অংশে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপের বিপুল বৈচিত্র্য রয়েছে। কিন্তু তারা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকে এবং মানুষকে অত্যন্ত ভয় পায়। অঞ্চলটি এত বিশাল এবং তার সমগ্র জায়গাজুড়ে অরণ্য এতটাই একরকম যে, দীর্ঘ ব্যবধান পর হঠাৎ কোনও এক বিশেষ আকর্ষণীয় জায়গায় বিপুল সংখ্যক প্রাণীদের চোখে পড়ে।

এ ছাড়া, সমগ্র ব্রাজিলেই স্থলচর স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বেশ কম, এবং এখানকার প্রজাতিগুলিও আকারে ছোট। ফলে অরণ্যের সামগ্রিক চেহারায় তারা খুব একটা চোখে পড়ে না। যদি কেউ মনে করে উত্তর আমেরিকার শিকারি মহিষের বিশাল দল, অথবা দক্ষিণ আফ্রিকার অগণিত হরিণ ও বিশালদেহী চতুষ্পদ জন্তুদের পাল-এর এখানে দেখতে পাবে, তার কপালে হতাশা ছাড়া কিছুই জুটবে না।

 

ব্রাজিলের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অধিকাংশই বৃক্ষবাসী। এই অরণ্যের প্রাণীদের এহেন বৈশিষ্ট্যের কথা আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি। পৃথিবীর সবচেয়ে নিবিড়ভাবে বৃক্ষবাসী প্রাণীদের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার Cebidæ পরিবারের বানর। এদের অনেকেরই লেজ আঁকড়ে ধরতে সক্ষম যা তাদের গাছে ওঠার জন্য পঞ্চম হাত হিসেবে কাজ করে। এদের শক্তিশালী পেশি এবং লেজের অগ্রভাগের নিচের দিকের লোমহীন তালুর মতো অংশ এই কাজের জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে।

 

এ থেকে মনে হয়, দক্ষিণ আমেরিকার প্রাণীজগৎ দীর্ঘকাল ধরে অরণ্যজীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। আর তার অর্থ হলো, স্তন্যপায়ী প্রাণীরা এই অঞ্চলে প্রথম বসতি স্থাপনের সময় থেকেই এখানে বিস্তৃত অরণ্যের উপস্থিতি ছিল। তবে এই বিষয় এবং অ্যামাজন অঞ্চলে বসবাসকারী আটত্রিশ প্রজাতির বানরের প্রাকৃতিক ইতিহাসে নিয়ে আমি আবার পরে আলোচনা করব।

ভ্রমণবিষয়ক বইগুলিতে আমরা প্রায়ই ব্রাজিলের অরণ্যের নৈঃশব্দ্য ও বিষণ্ণতার কথা পড়ি। এগুলি নিছক লেখকের কল্পনা নয়; বরং দীর্ঘদিনের যাপনে এই অনুভূতি আরও গভীর হয়। পাখিদের যে অল্প কয়েকটি ডাক শোনা যায়, সেগুলিও এমন বিষাদমাখা কিংবা রহস্যময় প্রকৃতির হয় যে, তা প্রফুল্লতার অনুভূতি জাগানোর বদলে নিঃসঙ্গতার অনুভূতিকেই আরও তীব্র করে তোলে। কখনও কখনও এই নিস্তব্ধতার মাঝখানে হঠাৎ কোনও তীক্ষ্ণ চিৎকার বা আর্তনাদ শুনে চমকে উঠতে হয়। সেটি সাধারণত কোনও এক নিরীহ ফলভুক প্রাণীর আর্তনাদ যার উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে বাঘবিড়াল কিংবা নিঃশব্দে এগিয়ে আসা বোয়া কনস্ট্রিক্টর।

সকাল ও সন্ধ্যায় হাউলার বানরদের কর্কশ হুঙ্কার এমন ভয়াবহ ও মর্মভেদী শব্দ সৃষ্টি করে যে তার মধ্যে নিজের প্রাণচ্ছলতা টিকিয়ে রাখা কঠিন। এই ভয়ংকর কোলাহল অরণ্যের স্বাভাবিক বন্যতার অনুভূতির তীব্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। এমনকি প্রায়ই, কোনও নিঝুম দুপুরে, হঠাৎ এমন এক প্রবল শব্দ শুনতে পাওয়া যায়, যা বহুদূর পর্যন্ত অরণ্যের মধ্যে প্রতিধ্বনিত হয়। এটি কোনও বিশাল ডাল অথবা গোটা একটি গাছ মাটিতে ভেঙে পড়ার শব্দ।

এ ছাড়াও এমন বহু শব্দ আছে, যার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। এই বিষয়ে স্থানীয় লোকেরাও দেখেছি আমার মতোই অজ্ঞ। কখনও শক্ত, ফাঁপা কোনও গাছের গায়ে লোহার দণ্ডের আঘাতের মতো শব্দ শোনা যায়। কখনও বা তীক্ষ্ণ কোনও আর্তচিৎকার বাতাস চিরে যায়। কিন্তু এই শব্দগুলি আর দ্বিতীয়বার শোনা যায় না, এবং তার পরের নিস্তব্ধতা মনের অস্বস্তিকে আরও বাড়িয়ে তোলে।

স্থানীয় মানুষের কাছে এর একটাই উত্তর। কুরুপিরা (Curupíra) নামক এক বন্য মানুষ বা অরণ্যের আত্মাই এই সমস্ত ব্যাখ্যাতীত শব্দের কারণ। কারণ, জ্ঞানচর্চার শুরুর দিকে প্রাকৃতিক ঘটনাবলির ব্যাখ্যা দেওয়ার জন্য মানুষ যে অপরিণত তত্ত্বগুলি উদ্ভাবন করে, সেখান থেকেই মিথের জন্ম হয়।

কুরুপিরা এক রহস্যময় সত্তা। তার আসল চরিত্র সম্পর্কে কোনও নিশ্চিত ধারণা নেই, কারণ অঞ্চলভেদে তাকে ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করা হয়। কখনও তাকে কল্পনা করা হয় এক ধরনের ওরাংওটাং রূপে – দীর্ঘ, এলোমেলো লোমে ঢাকা এক প্রাণী যে গাছে বসবাস করে। আবার কখনও বলা হয়, তার পা দ্বিখণ্ডিত এবং মুখ উজ্জ্বল লাল। তার স্ত্রী ও সন্তান রয়েছে এবং কখনও কখনও সে রোসা বা চাষের জমিতে নেমে এসে মান্ডিওকা চুরি করে নিয়ে যায়।

(ক্রমশ)

Leave a Reply