কাশীর অলি-গলি : ইতিহাস-সমাজ-সংস্কৃতি। পর্ব ৫৮। শোভন সরকার

গত পর্বে: কাশী, বেনারস, নাকি বারাণসী? 

আজকে বারাণসী জংশন স্টেশন থেকে বাইরে বেরোলে চোখ রীতিমতো ধাঁধিয়ে যায় — কত ধরনের কত মানুষ, কত ছোট-বড় দালান আর দোকান, লম্বা ফ্লাইওভার, সুউচ্চ রোপওয়ে স্টেশন, দেওয়ালে দেওয়ালে উজ্জ্বল রঙের কত বিচিত্র চিত্রমালা, কত গাড়ি, বাস আর অসংখ্য হলুদ-সবুজ অটোর সারি। চোখ এসব দেখে যদিও বা সয়ে যায় কানে তালা লাগে চারিদিকের শব্দে — স্টেশনের মাইকে ট্রেনের আসা-যাওয়ার ঘোষণা, গাড়ি-বাসের হর্ন, অটো-বাইকের ঘরঘরানি, অটোওয়ালার চিৎকার, হকারের কোরাস, খাবার দোকানের থালা-বাসনের ঝনঝনানি, কিংবা ভিখারির বেসুরো গান-বাজনা ইত্যাদি আরও কত কী। তবে এ দৃশ্য কেবল এই ট্রেন স্টেশনেই নয়, বেনারসের প্রায় সর্বত্র। বছর বছর এখানে যত আধুনিক নাগরিক সুবিধার ব্যবস্থা করা হচ্ছে, স্বাভাবিকভাবে তত বেশি করে মানুষের ভিড় বাড়ছে। আজকে বেনারসের আয়ের একটা বড় অংশ আসে তীর্থযাত্রী ও পর্যটকদের সৌজন্যে। 

শহর হিসেবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেনারসের লক্ষীলাভ যে হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সঙ্গে বেড়েছে আনন্দ রস উপভোগের উপকরণ — বরং ‘আনন্দ’ই আজকে বেনারসের অন্যতম এক পণ্য। কিন্তু এত কাণ্ডে বেনারসের একটি দিক আজ আমরা হারিয়ে ফেলেছি। আনন্দময় এই বেনারসকে একটা সময় বলা হতো ‘আনন্দবন’ বা ‘আনন্দকানন’ — আজ ‘আনন্দ’ রয়ে গেলেও ‘বন’ বা ‘কানন’ বড়োই বিরল। 

প্রাচীন পুরাণ-সাহিত্য বা জাতকে বেনারসের প্রকৃতির বর্ণনা থেকে বোঝা যায় একে ঘিরে একসময় অসংখ্য জলাশয় আর বনরাজি শোভা পেত। পাখির গান, ভ্রমরের গুঞ্জন, ঝিঁ ঝিঁ পোকার কলতানে ভরে থাকত চারপাশ; শোনা যেত অবিরাম ধারায় ঝরনার ‘মঞ্জুল হাসির বেলোয়ারি আওয়াজ’, গাছের পাতায় বৃষ্টির শব্দ, নাকে উঠে আসত মাটির সোঁদা গন্ধ। জলাশয়গুলিতে কত মাছ, তারই সঙ্গে নদীতে কাছিম আর শুশুক অনাবিল আনন্দে ঘুরে বেড়াত। বসন্ত ঋতুতে যখন ফুল ফুটত, দৃশ্য-বর্ণ-গন্ধের মৌতাত জমে উঠত, কিংবা গ্রীষ্মকালের রসালো ফলের ভারে গাছের ডাল নুইয়ে পড়লে গাছে গাছে বাঁদরদের উৎসব লেগে যেত। পুরাণে বলা হচ্ছে, শিব ও পার্বতী আকাশপথে যখন পৃথিবীতে নিজেদের জন্য নিরিবিলি একটা জায়গা খুঁজতে বেরোন, এই আনন্দময় বনবীথি দেখে তাঁরা থমকে যান। এমন মনোরম কুঞ্জ তো স্বর্গেও বিরল! কবি সত্যেন্দ্রনাথ দত্তের ‘বারাণসী’ কবিতার কথা মনে পড়ে — 

‘দেখা যায় বারাণসী!’

চমকি চাহিনু, — স্বর্গ-সুষমা মর্তে পড়েছে খসি!

এ পারে সবুজ বজরার খেত, ও পারে পুণ্যপুরী,

দেবের টোপর দেউলে দেউলে কাঁপিছে কিরণ-ঝুরি;

শারদ দিনের কনক-আলোকে কীবা ছবি ঝলমল, —

অযুত যুগের পূজা-উপচার, — হেম-চম্পকদল!

আধ-চাঁদখানি রচনা করিয়া গঙ্গা রয়েছে মাঝে,

স্নেহ-সুশীতল হাওয়াটি লাগায় তপ্ত দিনের কাজে।

শিব-পার্বতীর ভারী পছন্দ হল এই আনন্দবন। তাঁরা এখানেই থেকে যাওয়ার জন্য মনস্থির করলেন। আনন্দবনের মাহাত্ম্য বলতে গিয়ে শিব বললেন, ‘এখানে সর্বত্রই আমার চিহ্ন বসন্তের নতুন কুঁড়ির ন্যায় পরমানন্দে উন্মীলিত হয় — তাই এ হল আমার আনন্দবন।’ 

অষ্টাদশ শতাব্দীর শেষদিকে উইলিয়াম হজেস ও উইলিয়াম ড্যানিয়েলের আঁকা বিভিন্ন বেনারস বিষয়ক ছবিতে বেশ ঘন গাছপালার আভাস পাওয়া যায়। জেমস প্রিন্সেপের মতে সেই সময় মণিকর্ণিকার মতো এলাকাও ছিল বনে ঘেরা। এমনকি ঊনবিংশ শতাব্দীতেও দুর্গাকুণ্ডের আশেপাশে ঘন বনাঞ্চল ছিল। এই মন্দিরটির পূর্বদিকের রাস্তা ধরে কিছুদূর এগোলেই পাওয়া যায় ‘বনকাটি হনুমান মন্দির’। বনাঞ্চল কেটে এই হনুমান মন্দিরের প্রতিষ্ঠা বলেই এর নাম ‘বনকাটি’। 

আনন্দকাননে অফুরান আনন্দ-বিলাস থাকলেও এই নগরী ত্যাগ ও মোক্ষের দিশা দেখায় — মোক্ষলাভের আশায় দূর-দূরান্ত থেকে কত মানুষ এসে ‘ক্ষেত্র সন্ন্যাস’ নেয় অর্থাৎ নিজেদের সমস্ত বন্ধন ত্যাগ করে আমরণ এই কাশীক্ষেত্রে থাকার সংকল্প করে। তাই এই আনন্দকাননের আরও এক নাম ‘মহাশ্মশান’। কাশীখণ্ডে বলা হচ্ছে, ‘শ্ম’ শব্দের অর্থ ‘শব’ এবং ‘শান’ শব্দের অর্থ ‘শয়ন করা’ — অর্থাৎ ‘শ্মশান’ মানে শবদের শয়নস্থান। প্রলয়কালে মহাত্মাগণের শয্যা এই কাশী নগরী, তাই এর নাম ‘মহাশ্মশান’। 

শ্রীরামকৃষ্ণদেব বেনারসে এসে মথুরবাবুর সাথে একদিন নৌকাবিহারে বেরোন। গঙ্গার বুকে ভাসতে ভাসতে তাঁদের নৌকা যখন মণিকর্ণিকার সামনে এসে পৌঁছালো হঠাৎ তিনি উত্তেজিত হয়ে নৌকার একেবারে ধারে এসে দাঁড়িয়ে ভাববিভোর হয়ে পড়লেন। সমাধিস্থ অবস্থায় ঠাকুরের মুখে আশ্চর্য প্রশান্তির জ্যোতি। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর তিনি স্বাভাবিক হলেন। পরে তিনি সকলকে শোনালেন তাঁর অভিজ্ঞতার কথা। তিনি সমাধিস্থ অবস্থায় দেখেন, আগুনরঙা জটাধারী, ফর্সা ও লম্বা এক পুরুষ গম্ভীরভাবে পা ফেলে ফেলে শ্মশানের প্রতিটা চিতার কাছে যাচ্ছেন, চিতায় শোয়া প্রতিটা জীবাত্মাকে পরম যত্নে তুলে ধরে তার কানে কানে তারক-ব্রহ্মমন্ত্র দান করছেন — এই মন্ত্রেই দেহীর মোক্ষলাভ, আত্মার চিরমুক্তি। অন্যদিকে মহাশক্তিময়ী মহাকালী সেই দেহধারীর চিতায় বসে তার সমস্ত পার্থিব বন্ধন নিজের হাতে খুলে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন নির্বাণের দোর। 

এমন দৃশ্যের জন্ম তো কেবল মহাশ্মশানেই সম্ভব। 

শিব-শক্তি যেখানে বাস করবেন সেখানে রুদ্রগণ থাকবেন না তা হয় না। কাশীখণ্ডে শিব বলছেন, রুদ্রগণ কাশীতে শিবের সান্নিধ্যে নানা জীবের রূপ ধারণ করে আছেন — তাই কাশীর জীবকে সেবা-অর্চনা করা মানে শিবেরই আরাধনা। রুদ্রের আবাস বলে এই নগরের অপর একটি নাম হল ‘রুদ্রাবাস’। 

বিভিন্ন পৌরাণিক সাহিত্যে কাশীকে আরও যে সব নামে ডাকা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল — শঙ্করপুরী, শিবপুরী, মহাপুরী, শিব রাজধানী, আনন্দরূপ, মোক্ষপ্রকাশিকা, শ্রীনগরী, গৌরীমুখ, তপস্থলী, অপুনর্ভবভূমি (সৃষ্টির পূর্ব থেকেই আছে এই ভূমি), ধর্মক্ষেত্র, অলর্কপুরী ইত্যাদি। 

বৌদ্ধ জাতকের কাহিনিতেও দেখি কাশী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছে। বিভিন্ন জাতকের কাহিনিতে কাশীর বিভিন্ন নাম। ‘ব্রহ্মবর্ধন’ তারই একটা। শব্দটির অর্থ সহজ ভাষায় ‘বিদ্যালাভের স্থান’। বিদ্যাশিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে যে বেনারস অতি প্রাচীনকাল থেকেই এক পরিচিত নাম ছিল সে বিষয়ে কোনো দ্বিমত নেই। তারই প্রতিফলন এই নামে।

জাতক সহ নানা বৌদ্ধ সাহিত্যে কাশীর আরও কিছু নাম পাওয়া যায়, যেমন — কাশীনগর, কাশীপুর, কাশীগ্রাম, সুরুন্ধন (অর্থাৎ, সুরক্ষিত), সুদর্শন, পুষ্পবতী (ফুলের নগর), রম্মনগর, মোলিনী (মুকুলে সমৃদ্ধ), কেতুমতী, জয়নশীলা (যেখানে জয় হয়) ইত্যাদি। 

সম্রাট অশোকের সময় কাশীর রাজধানীকে বলা হত ‘পোতলি’। বৈষ্ণবরাও কাশীকে ভালোবেসে ডাকলেন ‘হরিক্ষেত্র’ ও ‘নারায়ণবাস’ বলে। অন্যদিকে, আওরঙ্গজেব তাঁর আমলে এসে এর নাম দিলেন ‘মুহাম্মদাবাদ’। 

এসব ছাড়াও কাশীর আরও একটি গুরুত্বপূর্ণ নাম পাওয়া যায় পাণিনির ‘অষ্টাধ্যায়ী’ ও পতঞ্জলির ‘মহাভাষ্য’-তে — ‘জিত্বরী’। এর অর্থ হল যেখানে জয়লাভ হয়, বাণিজ্যে প্রাচুর্য লাভ হয়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে ব্যাপারীরা এই নামেই কাশীর প্রশংসা করতেন। নদীপথে কাশীর ব্যবসায়ীরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়তেন, এমনকি তাম্রলিপ্ত বন্দর হয়ে চলে যেতেন সমুদ্রের ওপারে। সম্ভবত সেইসব দিনের সমুদ্র-বাণিজ্যের স্মৃতি আজও বেঁচে রয়েছে ভীষণ (ভূত) ভৈরব মন্দিরের কাছেই অবস্থিত সপ্ত-সাগর মহল্লার নামে। কাশীখণ্ডে সপ্ত-সাগর কুণ্ডেরও উল্লেখ আছে — মহাদেব বলছেন, এই কুণ্ডে স্নান করলে সাত সাগরে স্নানের পুণ্য লাভ হয়। শোনা যায়, সমুদ্রবাণিজ্যে প্রচুর লাভ করে এসে ব্যবসায়ীরা এখানে ‘সপ্ত-সাগর মহাদান’ করতেন।

কোনো একটা শহরের এত নাম আছে, তা জেনে প্রথম প্রথম আমি ভীষণই অবাক হয়ে যেতাম। ছোটবেলায় মাকে দেখতাম কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আবৃত্তি করছে — ভাবতাম এক জনের এত নাম! সেই নামের তালিকা পড়তে গিয়ে দেখি একেক জন আদর করে কৃষ্ণকে নাম উপহার দিচ্ছে। সত্যি তো, নাম তো আমরা ভালোবেসেই দিই, মায়ার বাঁধনে বেঁধে ফেলি। বেনারসের মতো শহরে কত হাজার বছর ধরে কত ধরনের মানুষ এসে বাস করতে শুরু করেছে, তার প্রেমে পড়েছে, আর মুগ্ধ প্রেমিকের মতো প্রেয়সীকে নাম উপহার দিয়েছে, এক এক পরিচয় দিয়েছে। 

শহরের নাম-পরিচয় অনুসন্ধান করতে গিয়ে এখানকার বিভিন্ন রকম মানুষের কথা না জানলে বেনারস কুয়াশার আড়ালে থাকা সূর্যের মতোই অদৃশ্য হয়ে থেকে যায়। হিন্দুদের পবিত্র তীর্থ বলেই এর প্রধান পরিচয়। কিন্তু শহরের ভিড়ের দিকে ভালো করে নজর দিলে দেখি আছে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কিংবা শিখ ধর্মের মানুষও। এ তো কেবল ধর্মের পরিচয়। কান পাতলেই কত রকম ভাষার অনুরণন শুনি — ভোজপুরি, বাংলা, মারাঠি, তামিল সহ আরও কত দেশ-বিদেশের ভাষা। এদের ছাড়াও আছে সাধু-ঠগী, পাণ্ডা-গুণ্ডা, মাঝি-মাল্লা, ব্যবসায়ী-মহাজন ইত্যাদি নানা বর্ণের মানুষ। আছে নানা উদ্দেশ্যের মানুষ — কেউ এসেছে পড়াশোনা করতে, কেউ বা চাকরি কিংবা ব্যবসা, কেউ কেবলই ঘুরতে, কেউ বা তীর্থে, কেউ তার লেখা বা ভিডিওর কন্টেন্ট খুঁজতে, কেউ এসেছে বাঁচতে, কেউ কেউ আবার মরতে। কেবল আমি, তুমি বা সে নয়, আমাদের সবাইকে নিয়েই বেনারস হয়ে ওঠে ছোট্ট এক ভারতবর্ষ।

(ক্রমশ)

প্রথম অধ্যায় ‘কালভৈরবের সন্ধানে’ প্রথম পর্ব

দ্বিতীয় অধ্যায় ‘ঘাটে ঘাটে’ প্রথম পর্ব

তৃতীয় অধ্যায় ‘ফিরে দেখতে যাওয়া’ প্রথম পর্ব

চতুর্থ অধ্যায় ‘কাশী, তুমি কার?’ প্রথম পর্ব

Disclaimer
The views and opinions expressed in this series are solely those of the author and do not represent the views, policies, or positions of any organisation, institution or society of any kind or the government. The content of this series is written in the author’s personal capacity and does not reflect any official information or stance.

Leave a Reply