আমাজনের পথে। হেনরি ওয়াল্টার বেটস। পর্ব ১১। অনুবাদে সোমরাজ বন্দ্যোপাধ্যায়
ইউরোপে একটি অরণ্যের নিজস্ব বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীতের রূপ রয়েছে। বিষুবরেখার অরণ্যে বছরের প্রতিটি দিনেই সেই দৃশ্য একই, অথবা প্রায় একই রকম: কোনও না কোনও প্রজাতির মধ্যে সবসময়ই কুঁড়ি আসা, ফুল ফোটা, ফল ধরা এবং পাতা ঝরার প্রক্রিয়া চলতে থাকে। পাখি ও পতঙ্গের ক্রিয়াকলাপও সেখানে অবিচ্ছিন্ন। প্রতিটি প্রজাতির অবশ্য তার নিজস্ব সময় রয়েছে। যেমন, বোলতার কলোনিগুলি শীতপ্রধান দেশের মতো প্রতি বছর নষ্ট হয়ে যায় না, কেবল রানি-বোলতাগুলি মারা যায়। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের একের পর এক নতুন কলোনি অবিরাম সৃষ্টি হতে থাকে।
এখানে কোনও নির্দিষ্ট বসন্ত বা গ্রীষ্ম ঋতু নেই। শরতের আগমনও এখানে সুস্পষ্ট নয়। প্রতিটি দিনই যেন এই তিন ঋতুর এক সমন্বিত রূপ। দিন ও রাতের দৈর্ঘ্য সর্বদাই সমান। পরিবেশে যে প্রতিদিনের অস্থিরতা দেখা যায়, তা পরবর্তী ভোর হওয়ার আগেই সাম্যাবস্থায় ফিরে আসে। সূর্য তার গতিপথে মাঝআকাশের দিকে এগিয়ে যায়। এখানে সারা বছর দৈনিক তাপমাত্রার পার্থক্য দুই-তিন ডিগ্রির বেশি নয়। বিষুবরেখার নিচে প্রকৃতির এই গতিপথ যেন তার নিখুঁত ভারসাম্য ও সরলতায় পরিপূর্ণ।
সন্ধ্যাগুলিও সাধারণত আমাদের ব্যস্ততার মধ্যেই কাটত। সেই সময়ে সংগ্রহ করা নমুনাগুলি সংরক্ষণ করতাম এবং নোট নিতাম। চারটের সময় রাতের খাবার খেয়ে নিতাম এবং প্রায় সাতটার দিকে চা পান করতাম। কখনও কখনও ব্রাজিলের জীবনযাত্রা দেখার জন্য অথবা ইউরোপীয় ও আমেরিকান সমাজের নানা আনন্দ উপভোগ করার জন্য আমরা হেঁটে শহরে যেতাম। এইভাবেই ১৫ জুন থেকে ২৬ আগস্ট পর্যন্ত সময় কেটে গেল। এই সময়ের মধ্যে আমরা আরও দু’টি দীর্ঘ ভ্রমণে গিয়েছিলাম মাগোয়ারির ধানকল ও করাতকল দেখতে। প্রতিষ্ঠানটির মালিক ছিলেন একজন আমেরিকান ভদ্রলোক, মিস্টার আপটন। পারা থেকে প্রায় বারো মাইল দূরে, অরণ্যের একেবারে অভ্যন্তরে একটি খালের তীরে তাঁর এই প্রতিষ্ঠানটি অবস্থিত ছিল। এই ভ্রমণগুলির কয়েকটি ঘটনা এবং অরণ্যের অভ্যন্তরের এই খাল ও বনাঞ্চলের প্রাকৃতিক ইতিহাস ও অধিবাসীদের সম্পর্কে আমরা যে আগ্রহজনক পর্যবেক্ষণগুলি করেছিলাম, সেগুলিই আমি এখন বর্ণনা করব।
কলকারখানার দিকটায় আমরা প্রথমবার গিয়েছিলাম স্থলপথে। যে খালটির তীরে কারখানাগুলি অবস্থিত, সেই ইরিতিরি খালটি আরও বড় একটি খাল মাগোয়ারির মাধ্যমে পারা নদীর সঙ্গে যুক্ত; ফলে জলপথেও সেখানে যাওয়া যায়। তবে সেই পথে ঘুরে যেতে হয় প্রায় বিশ মাইল। আমরা সূর্যোদয়ের সময় রওনা হলাম। ইসিদোরোও আমাদের সঙ্গে গেল। নাজারেথ ছাড়ার পরপরই পথটি অরণ্যে ঘেরা ঘন ছায়ার মধ্যে ঢুকে গেল।
কিছুটা পথ জুড়ে ছিল দ্বিতীয় পর্যায়ের বন। শহরের কাছাকাছি মূল অরণ্য একসময় কেটে ফেলা হয়েছিল। পাশাপাশি বেড়ে ওঠা অসংখ্য কচি গাছ, কাঁটাযুক্ত ঝোপঝাড় ও লতাগুল্মের জটলার কারণে এই বন ছিল অত্যন্ত দুর্ভেদ্য। এই ঝোপঝাড়ে পিঁপড়ে এবং অ্যান্ট-থ্রাশ পাখির উপদ্রব ছিল। সেখানে এক ধরনের পাফ-থ্রোটেড মানাকিন-এরও দেখা মিলত। এটি ছোট আকারের পাখি, যা মাঝে মাঝে রাস্তা পার হয়ে একটি অদ্ভুত শব্দ করে উড়ে যায়। আমার ধারণা, শব্দটি সে ডানা দিয়ে তৈরি করে, যা অনেকটা ছোট কাঠের ঝুনঝুনির শব্দের মতো শুনতে লাগে।
আরও এক মাইল বা দেড় মাইল এগোনোর পর অরণ্যের চরিত্র বদলাতে শুরু করল। এবার আমরা এসে পড়লাম একেবারে আদিম অরণ্যে। এর চেহারা আগের জলাভূমি অঞ্চলটির থেকে সম্পূর্ণ আলাদা। জমি তুলনামূলকভাবে উঁচু ও ঢেউখেলানো। জলাভূমির লম্বা ও প্রশস্ত পাতাবিশিষ্ট গাছগুলি এখানে অনুপস্থিত। সেইসঙ্গে ঝোপঝাড়ও কম। গাছগুলি পরস্পরের থেকে একটু দূরে দূরে দাঁড়িয়ে ছিল। এই অরণ্যের মধ্য দিয়ে পথটি আরও সাত-আট মাইল চলে গেছে। আমরা জানতে পারলাম, এই অবিচ্ছিন্ন অরণ্য একদিকে মারানহাঁও পর্যন্ত এবং অন্য দিকে পারা থেকে দক্ষিণ ও পূর্বে প্রায় ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। প্রায় প্রতিটি নিচু জায়গাতেই একটি করে ছোট জলধারা এই পথকে অতিক্রম করে। সেই জলধারার ঠান্ডা, গাঢ়, পাতার রঙে রঞ্জিত জল বয়ে যায় গাছের কাণ্ড ফেলে তৈরি সাঁকোর নিচ দিয়ে। মাটি জুড়ে লাইকোপোডিয়ামের আস্তরণের পাশাপাশি ছড়িয়ে থাকে বিপুল পরিমাণ গাছপালার ধ্বংসস্তূপ আর শুকনো পাতার পুরু স্তর। বিভিন্ন ধরনের ফল চারপাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে নানা জাতের শিমও ছিল। কোনও কোনও শিম এক ফুট পর্যন্ত লম্বা, চ্যাপ্টা এবং এদের বাইরের আস্তরণ চামড়ার মতো। কোনওটি আবার পাথরের মতো শক্ত। এক জায়গায় আমরা বেশ কিছু বড়, খালি কাঠের পাত্র দেখতে পেলাম। ইসিদোরো জানাল, এগুলি সাপুকায়া গাছ থেকে পড়ে। এগুলিকে বলা হয় বানরের পানপাত্র (Cuyas de Macaco)। কোভেন্ট গার্ডেনের বাজারে বাদামগুলি এই নামেই বিক্রি হয়। এই পাত্রগুলিই আসলে সেই বাদামের বীজাধার। পাত্রটির উপরের দিকে একটি গোলাকার ছিদ্র থাকে, যার মধ্যে একটি প্রাকৃতিক ঢাকনা সুন্দরভাবে বসানো থাকে। বাদাম পেকে গেলে ঢাকনাটি আলগা হয়ে যায় এবং ভারী পাত্রটি প্রচণ্ড শব্দে মাটিতে পড়ে। ফলে তার ভিতরের বাদামগুলি চারদিকে ছড়িয়ে যায়। যে গাছে (Lecythis ollaria) এই বাদাম হয়, সেটি অত্যন্ত লম্বা। এটি ব্রাজিল-নাট গাছ (Bertholletia excelsa)-এর ঘনিষ্ঠ আত্মীয়। সেই বাদামের বীজ বড় কাঠের খোলসের ভিতরে থাকে; তবে সেই আবরণের কোনও ঢাকনা নেই এবং তা অক্ষত অবস্থাতেই মাটিতে পড়ে। এই কারণেই এই ধরনের বাদাম অন্যটির তুলনায় এত বেশি প্রিয়। সাপুকায়া গাছের সংখ্যা সম্ভবত Bertholletia-র চেয়ে কম নয়; কিন্তু তার বাদাম মাটিতে পড়ার সময় ছড়িয়ে যায় এবং বন্য প্রাণীরা সেগুলি খেয়ে ফেলে। অন্যদিকে, ব্রাজিল-নাটের সম্পূর্ণ, অক্ষত বীজাধারগুলি স্থানীয় অধিবাসীরা সংগ্রহ করে রাখে।
তবে সেই বিশালাকার গাছগুলি আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। সাধারণত গাছগুলির কাণ্ড বিশেষ মোটা নয়; বরং লক্ষণীয় এই যে, কোনও শাখা বের না করেই এই উচ্চতায় তারা বেড়ে ওঠে। প্রায় প্রতি এক-চতুর্থাংশ মাইল অন্তর একটি করে সত্যিকারের দৈত্যাকার গাছ মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে সাধারণত এমন একটি দৈত্যাকার গাছ বেশি বেড়ে উঠতে পারে না। সে যেন চারপাশের সমস্ত স্থান নিজের দখলে নিয়ে নেয়। তার কাছাকাছি কেবল তার তুলনায় অনেক ছোট আকারের গাছই কোনওমতে জায়গা করে নিতে পারে। এই বৃহৎ গাছগুলির নলাকার কাণ্ডের পরিধি সাধারণত প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট। ভন মার্টিয়ুস জানিয়েছেন, পারা অঞ্চলে তিনি বিভিন্ন প্রজাতির এমন কিছু গাছের (Symphonia coccinea, Lecythis প্রজাতি এবং Cratæva Tapia) মাপ নিয়েছিলেন, যাদের নলাকার অংশে কাণ্ডের পরিধি ছিল পঞ্চাশ থেকে ষাট ফুট। এই বিশাল স্তম্ভের মতো কাণ্ডগুলির উচ্চতা মাটি থেকে সবচেয়ে নিচু শাখা পর্যন্ত একশো ফুটের কম হবে না। করাতকলের মিস্টার লিভেন্স আমাকে বলেছিলেন, তাঁরা প্রায়ই পাউ ডি’আর্কো এবং ম্যাসারান্ডুবা গাছের একশো ফুট লম্বা গুঁড়ি চৌকো করে করাত দিয়ে কাটার জন্য প্রস্তুত করেন। কাণ্ড ও পত্রমুকুট মিলিয়ে এই গাছগুলির মোট উচ্চতা ১৮০ থেকে ২০০ ফুট পর্যন্ত হতে পারে বলে অনুমান করা যায়। অরণ্যের মধ্যে যেখানে এরকম একটি গাছ দাঁড়িয়ে থাকে, সেখানে তার বিশাল পত্রমুকুট অন্য সব গাছের মাথার উপর এমনভাবে উঠে যায়, দেখে মনে হয় যেন কোনও শহরের অন্যান্য ভবনের উপর একটি গম্বুজওয়ালা বিশাল ক্যাথেড্রাল মাথা তুলে দাঁড়িয়ে আছে।
এই গাছগুলির একটি অত্যন্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, কাণ্ডের নিচের দিকটা জুড়ে নিতম্বের মতো চওড়া উঁচু অংশের উপস্থিতি। এই নিতম্বগুলির কাঠের পাতলা প্রাচীরের মতো মধ্যবর্তী ফাঁকা জায়গা বেশ প্রশস্ত কুঠুরির আকার নেয় এবং এগুলিকে আস্তাবলের সঙ্গে তুলনা করা যায়। কোনও কোনও কুঠুরি এত বড় যে তাতে ছয়জন মানুষ পর্যন্ত দাঁড়াতে পারে। প্রথম দেখাতেই এই গঠনগুলির উদ্দেশ্য স্পষ্টভাবে বোঝা যায়। উঁচু দেওয়ালকে ধরে রাখার জন্য যেমন ইটের ঠেকনার দরকার হয়, অনেকটা সেরকম। এগুলি কোনও একটি বিশেষ প্রজাতির বৈশিষ্ট্য নয়; বরং অরণ্যের অধিকাংশ বৃহদাকার গাছেই এগুলি দেখা যায়।
একটি কচি গাছের বেড়ে ওঠার সময় তার বিভিন্ন বয়সের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করলে এদের বৃদ্ধির গতিপ্রকৃতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। তখন দেখা যায়, এই শিকড়গুলি আসলে মাটির ভিতর থেকে উঠে এসে শৈলশিরার মতো উঁচু হয়ে গেছে। গাছের উচ্চতা যত বেড়েছে এবং তার যত বেশি অবলম্বনের প্রয়োজন হয়েছে, শিকড়গুলিও তত ধীরে ধীরে উপরদিকে বেড়ে উঠেছে। সুতরাং স্পষ্টতই, এই ঘন অরণ্যে গাছের বিশাল কাণ্ড ও পত্রমুকুটকে ধরে রাখাই এদের উদ্দেশ্য। কারণ চারপাশে অসংখ্য প্রতিদ্বন্দ্বী গাছ থাকায় মাটির নিচে শিকড়ের পার্শ্বীয় বিস্তার সহজ নয়।
(ক্রমশ)
