চলে যেতে যেতে আহাম্মকের ক-অক্ষর। পর্ব ২১। দুর্লভ সূত্রধর
আমাদের ঐ ছোট্ট মফস্বলে না ছিল কোনো বড়োসড়ো অফিস কাছারি, না ছিল কোনো জোরালো ব্যবসা প্রতিষ্ঠান। কয়েকটা মাঝারি মাপের পাওয়ারলুম ছাড়া কোনো কলকারখানাও ছিল না। পাওয়ারলুমে যাঁরা কাজ করতেন তাঁরা লুম চালানোয় রীতিমতো ওস্তাদ ছিলেন। সে কাজ জানতে হতো, শিখতে হতো। একটা পাঁপড় চানাচুরের কারখানা ছিল। সেখানে আমাকে কাজে নেবে কেন? লেখাপড়া আর মধ্যবিত্ত ভদ্রলোকের সন্তান হওয়াটা যে রোজগার করার ক্ষেত্রে এত বড়ো বাধা তা বোঝা গেল।
ফিরতে হলো।
টাকাটা পকেটে ভরে বাজারের ভেতরের দিকে এগোলাম।
চাল কিনলাম এক কেজি, চারটে আলু, দু-তিনটে পিঁয়াজ, একটা এক কেজি রসগোল্লা ধরে এমন সাইজের মাটির হাঁড়ি, একটা শিশি জোগাড় করে একশো গ্রাম সরষের তেল, ঠোঙায় করে একটু নুন। একটাকা দিয়ে একটা চটের ব্যাগ কিনে সেগুলো পুরে— একেবারে বাড়ির পেছনদিকের পাঁচিল টপকে সোজা আমার টিনের ঘরে।
জিনিসপত্রগুলো ঘরে রেখে লুকোনো গামছা দিয়ে বাগানের টিউবওয়েল থেকে স্নান করে বাড়িতে ঢুকলাম।
মা আমাকে দেখে অবাক— ‘সেই সকালে বেরিয়ে এখন আসা হলো! সকলের খাবার আগলে বেলা দশটা পর্যন্ত বসেছিলাম। যা, তাড়াতাড়ি স্নান করে আয়।’
আমার সকাল থেকে না-খাওয়া মুখে ফুটে থাকা ক্লীষ্টতার দিকে কাকিমা দূর থেকে ভীরু চোখে তাকিয়েছিলেন। বললেন— ‘না খেয়ে বেরোস কেন বাবা? তোরা না খেলে আমাদের কী খেতে ভালো লাগে?’
কাকিমার কথায় ভেতরটা শিরশির করে উঠল। বিষাদপ্রতিমা কাকিমা তো কোনোকালেই মুখে কিছু বলেন না। কিন্তু হয়তো অন্তর্ভেদী কোনো মর্মরধ্বনি তাঁর ভেতরে এক অদ্ভুত নিজনতার জন্ম দেয়— সেখানে দৃষ্টিসীমার বাইরে থাকা কোনোকিছুকেও কখনও লুকানো যায় না!
সেজদা আর ঐ মাসতুতো দাদা খেতে বসে গেছে। ঘরের দরজার বাইরে থেকেই মাংসের গন্ধ নাকে আসায় খিদেতে পেটটা পাকিয়ে উঠল যেন। এই মাসতুতো দাদাটা এলেই বাজারে যায় এবং মাংস, ইলিশ মাছ-টাছ আনে। এ বাড়িতে কাকার কাছে মাসতুতো দাদার তাই খুব কদর।
স্নান করে আসার জন্য আবার মায়ের তাড়া খেয়ে বলতেই হলো— ‘আমাদের পিন্টুকে তো চেনো। সেই যে আমাদের সঙ্গে স্কুলে পড়ত— হরিশপুরে বাড়ি। ওর দিদির বিয়ে। সা-ত-দিন আমার নেমতন্ন। সদ্য সেজদির বিয়েতে আমি সব কাজ করেছি দেখে অভিজ্ঞ হিসেবে আমাকে সাতদিন নেমতন্ন করেছে, মানে কাজকর্মের জন্য হায়ার করেছে।। আজ তো ওদের বাড়িতেই খেয়ে এসেছি। তোমাকে বলতে আর স্নান করতে বাড়ি এলাম!’
মাংসের গন্ধ আমাকে তাড়া করছিল।
মা সন্দেহের চোখে আমার তাকালেন। মা আর কাকিমার চোখকে ফাঁকি দেওয়া শুধু কঠিনই নয়, অসম্ভবও।
মা কী বুঝলেন মা-ই জানেন। আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে মা শুধু বললেন— ‘ঠিক আছে। পরের বাড়ি, তায় আবার কাজের বাড়ি— সময় মতো স্নান খাওয়া-দাওয়া করিস। স্নানটা করে খাবি, নইলে লিভারের অসুখ করতে পারে। সাত-সাতটা দিন তো আর সোজা কথা নয়।
আমার সম্পর্কে কাকার মনোভাব নিশ্চয়ই মা-কাকিমার ইতিমধ্যেই জানা হয়ে গেছে। মা একটা নিঃশ্বাস ফেলে সরে গেলেন। কাকিমার চোখে তখন অন্তহীন বিষণ্ণতা।
আমি ধীরেসুস্থে ফিরে গেলাম বাগানের টিনের ঘরে।
বাগানে এক পাক দিয়ে জ্বালানি দেওয়ার মতো খসে পড়া শুকনো ডালপালা ঘরের সামনে এনে জড়ো করলাম।
একটা বড়ো কাঠি বেছে নিয়ে সেটা টিউবওয়েলের জলে ভালোভাবে ধুয়ে সেটাকে বানালাম ভাত নাড়ার খুন্তি বা হাতা। তারপর চাল ধুয়ে টালের বাতায় লুকিয়ে রাখা দেশলাই দিয়ে জ্বালিয়ে দিলাম আগুন। একটা আলু ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিলাম। একটু নুনও দিয়ে দিলাম ভাতে।
রান্নার এই প্রচলিত রুটিন বিবরণের কী সত্যিই কোনো দরকার ছিল?
কিন্তু প্রতিটি পর্যায়ে মাত্র একবেলা না খেয়ে থাকা আমার ক্ষুধানল বৃদ্ধি পাওয়া ও খাওয়ার আগ্রহের মাত্রা বৃদ্ধির পরিমাপ করে আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম।
সেইদিনই প্রথম উপলব্ধি করলাম— দু-বেলা দু-থালা ভাতের তুলনায় পৃথিবীর আর সবকিছু বাজে বকোয়াস্ ছাড়া আর কিছুই নয়!
সরষের তেল দিয়ে আলুসেদ্ধ ভাত যখন খেতে বসেছি তখনই এলো রূপুদা।
আমাকে মাটিতে বসে মাটির হাঁড়ির মধ্যে ভাত মেখে খাচ্ছি দেখে রূপুদা প্রথমে হকচকিয়ে গেল।
মুখে মৃদু হাসি ও খিদের মুখে পরম তৃপ্তি নিয়ে খেয়ে চললাম।
রূপূদার মুখে কোনো কথা সরল না। সে হাঁচকে হাঁচকে ঘরের একপাশে রাখা পুরোনো ও বাতিল চৌকিতে গিয়ে বসল, বলল— ‘কী হচ্ছে এসব, কী হচ্ছে, অ্যাঁ!’
— ‘দেখতেই পাচ্ছ, নিজের হাতে খাওয়া হচ্ছে।’ খেতে খেতেই বললাম আমি।
রূপুদা কিছুই বুঝতে না-পেরে ভ্যাবাচ্যাকা খেয়ে বসে রইল।
খেয়ে উঠে টিউবওয়েল থেকে আঁজলা ভরে জল খেলাম। মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে ফিরে এলাম।
রূপুদা কিছু বুঝতে না-পেরে ততক্ষণে চৌকিতে কেৎরে পড়েছে।
রূপুদার অবস্থা দেখে মজা লাগল, বললাম— ‘আমার তো গরু হারিয়েছে, তোমার আবার কী হলো?’
রূপুদা উঠে বসল, বলল— ‘ব্যাপারটা কী বল দিকি? এসবের মানে কী?’
আমি সবটা খুলে বললাম।
রূপুদা প্রায় মায়ের মতোই একটা বড়ো নিঃশ্বাস ফেলল— ‘আজ হোক কাল হোক ব্যাপারটা হতোই। যা হয়েছে ভালো হয়েছে। তুই আজ থেকে বড়ো হলি। কিন্তু কয়েকটা কথা— হাতঘড়ি বাঁধা দেওয়া পয়সায় কতদিন চলবে? কবে পয়সা রোজগার করবার মতো কাজ জোগাড় হবে কে জানে! তাছাড়া তোর হাতে ঘড়ি না দেখলে জ্যেঠিমা তো সব বুঝতে পারবেন। আর দু-নম্বর কথা এই যে, এসব রান্নাবান্না কি তোর পোষাবে? সেদ্ধ করা আধকাঁচা চালগুলো খেলে শরীর টিকবে?’
— ‘কিছুটা সময় তো পাওয়া যাবে। যেমন তেমন একটা কাজ— ’
— ‘নাটক সাহিত্য রাজনীতি বক্তিমেবাজি করে নিজের সে ন্যাতা তুই নিজেই মেরে রেখেছিস। যেমন তেমন কাজ তোকে কে দেবে? সব্বাই চিনে ফেলবে না? কোনো কাজ পেতে হলে তোকে নির্ঘাৎ ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে হবে।’ বলল রূপুদা।
রূপুদার উত্তেজনায় আমি হাসলাম।
রূপুদা বলল— ‘রান্নাবান্নার এই দুরূহ দায়িত্ব না নিয়ে রবং সকালেই আমাদের বাড়িতে যেতিস, একটা ব্যবস্থা হয়ে যেত। আমার ভাইকে তো জানিস, মায়ের আর আমার জন্য ওর সর্বক্ষণের চিন্তা! যত্ন ভাইয়ের রক্তে। চিরকাল এমন থাকবে কী-না জানা নেই, কিন্তু সেই ছোটোবেলা থেকে এখনও আমাকে কেউ নুলো বললে ও রেগে আগুন হয়। ভাইয়ের বউটা তো বাড়িতে কেউ এলেই মহা খুশি হয়। তেমন বুঝলেই আমাদের বাড়ি যাবি, নুলো হয়েও আমার যখন জুটছে তোর জন্যও দু-মুঠো হয়ে যাবে। তাতে কাজ জোগাড়ের জন্য অনেকটা সময় ও স্পেস পেয়ে যাবি। ততক্ষণে তোর একটা কাজও দেখছি।’
রূপুদার কথায় কোথায় যেন একটা জোর ছিল।
মুলতুবি রইল ব্যক্তিগত বেদনার কথা।
কী আশ্চর্য, এটাকেই বোধ হয় যোগাযোগ বলে— আজ রূপুদার হাতে ছিল মস্কোর প্রগতি প্রকাশনের পেপার ব্যাক ফ্রেডারিক এঙ্গেলসের ‘পরিবারের উৎপত্তি সম্পত্তি এবং রাষ্ট্র’ বইটি।
খাওয়া হলে ভাঙা চৌকির ওপরে বই খুলে বসল রূপুদা।
সারা দুপুর বইটা পড়ার পর তাতে আমরা দু-জনেই বেশ ব্যোমকে গেলাম।
এতকাল আমাদের ধারণা ছিল এই যে, রক্ত-সম্পর্কের এক এক পরম নির্ভরযোগ্যতার উৎসস্থল হলো পরিবার ও পারিবারিক বন্ধন। আমাদের এই ধারণাও ছিল যে, বহিঃর্পৃথিবীর নানাবিধ আঘাত ও কুশ্রীতার মধ্যেও নিজের পরিবার এক নিশ্চিন্ত আশ্রয়।
আমরা যতদূর বুঝলাম তাতে এঙ্গেলসের রচনায় পরিবারের অনালোকিত বৈপরীত্য আমাদের ক্ষেত্রে ভয়ানক আঘাতের মতো হয়ে দেখা দিল।
ফ্রেডরিখ এঙ্গেলস দেখিয়ে দিলেন যে, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের সঙ্গে সঙ্গে সেই সম্পদের নিশ্চিত উত্তরাধিকারীর প্রয়োজনে একক পরিবারের বিকাশ ঘটেছিল।
ব্যক্তিগত সম্পদ বা পুঁজিকে নিজস্ব উত্তরাধিকারীর কাছে হস্তান্তরের এই চেষ্টিতেই গোষ্ঠীসমাজ ভেঙে ব্যক্তিগত মালিকানা বা ব্যক্তিগত সম্পদের ধারণা তৈরি হয়।
পুঁজিবাদের আগে সমাজগুলো ছিল অধিকতর গোষ্ঠীভিত্তিক এবং সেখানে কঠোর পারিবারিক একক ছিল না। তবে, ব্যক্তিগত সম্পত্তি যখন প্রধান হয়ে ওঠে, তখন সম্পত্তির উত্তরাধিকারের জন্য বৈধ উত্তরাধিকারী নিশ্চিত করার একটি উপায় হিসেবে পরিবারের উদ্ভব ঘটে।
পরিবার আমাদের একথা বিশ্বাস করতে প্ররোচিত করে যে, শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিষমতা স্বাভাবিক ব্যাপার। প্রতিবেশীদের সঙ্গে প্রতিযোগিতা এবং টানাপড়েনের মাধ্যমে ভোগাকাঙ্ক্ষা বৃদ্ধি করা। পরিবারকে নিরাপদ স্বর্গ বলে মনে করা, বিশেষ করে রোজগেরে পুরুষদের জন্য। প্রত্যাশা করা হয়— পরিবারে মেয়েরা পুরুষদের শ্রম বা কর্মক্ষেত্রের চাপ কমাবার জন্য কাজ করে আর সন্তানেরা অধিক পরিশ্রম ও অধিক রোজগার করার জন্য পরোক্ষে উদ্বুদ্ধ করে।
রূপুদা আর আমি পরিবার সম্পর্কে ধারণার এই জাতীয় বস্তুবাদী ব্যাখ্যায় একেবারে হতভম্ভ হয়ে গেলাম। প্রচলিত ধারণা প্রহারিত হলেও এই ব্যাখ্যার সারবত্তা ও বাস্তবতা আমাদের মতো গৃহ ও পরিবারপালিত জীবকে এতটাই হতচকিত করেছিল যা এতগুলো দশক পেরিয়ে আজও পুরোপুরি কাটেনি।
যেটা কেটে গিয়েছিল তা হলো আমাদের পরিবারে ঘটে যাওয়া স্বার্থ-সংঘাত নিয়ে আমার ভেতরে জমে ওঠা ক্লেদাক্ত বিবমিষার গাঢ় মেঘাবৃত দূষিত ধূলিকণার আস্তরণটি।
(ক্রমশ)
